দেশের করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপের দিকে, এরপরও ফুটবল নিয়ে ভাবতে হচ্ছে বাফুফেকে। কারণ অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের চারটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার আগে খেলোয়াড়রা যেন পর্যাপ্ত অনুশীলন করতে পারেন, সেই প্রস্তুতি নিচ্ছে বাফুফে। আজ (মঙ্গলবার) জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোচনাও সেরে নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। করোনাকালে মাঠে ফেরা নিয়ে ফুটবলারদের ভাবনা কী, সেটা যেমন জেনেছেন, তেমনি তিনি ভাগাভাগি করেছেন নিজেদের পরিকল্পনা।
বর্তমানে জাতীয় দলের খেলোয়াড়রা যে যার মতো অনুশীলন করছেন। যারা ঢাকায় আছেন, তাদের কয়েকজনকে নিয়ে হয়েছে এই সভা। সেখানে ছিলেন মামুনুল ইসলাম, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সোহেল রানাসহ আরও কয়েকজন। বাফুফে ভবনের এই সভাতে বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতিতেই বেশি জোর দেওয়া হয়েছে।
সভা শেষে বাংলা ট্রিবিউনকে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আসলে দলের প্রস্তুতি কবে থেকে হবে, সেই সিদ্ধান্ত নেবে ন্যাশনাল টিমস কমিটি। তার আগে খেলোয়াড়দের ডেকে তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়া হলো। করোনার মাঝে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, আমাদের প্রস্তুতি কবে থেকে শুরু হতে পারে- তা নিয়ে কথা হয়েছে। এমনিতে তো আমাদের একটা ধারণা আছে। কোচেরও প্রস্তুতি নিয়ে পরিকল্পনা আছে। এখন ওদের মুখ থেকে শুনলাম। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।’
মিডফিল্ডার মামুনুল ইসলামও ছিলেন সভায়। সেখানে কী আলোচনা হয়েছে, বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তিনি এই বলে, ‘আমাদের ট্রেনিংয়ের কী অবস্থা, তা জানতে চেয়েছেন সালাউদ্দিন ভাই। সামনে আমাদের খেলা আছে। সেখানে তো খারাপ করা যাবে না। বড় ব্যবধানে হারাও যাবে না। খারাপ করলে নিজেদের ক্ষতি। তাই আমরা সেভাবেই প্রস্তুতি নিতে চাই।’








