ফুটবলে নতুন মৌসুম শুরু করতে তোড়জোড় চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে একের পর এক সভা করে যাচ্ছে পেশাদার লিগ কমিটি। সবশেষ আজকের (মঙ্গলবার) সভায় ক্লাবগুলো একাধিক প্রস্তাব রেখেছে। এই প্রস্তাবগুলো তাদের লিখিত আকারে জানাতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। সেই লিখিত প্রস্তাবনা নিয়ে আবারও সভা হবে লিগ কমিটির। সেখানে আসতে পারে পরবর্তী সিদ্ধান্ত।
লিগ কমিটির সঙ্গে আগের সভাতে খেলোয়াড়রা পরিত্যক্ত মৌসুমের পুরো পারিশ্রমিকের প্রাপ্তি সাপেক্ষে নতুন মৌসুমে ছাড় দিতে চেয়েছিল, সেটা হতে পারে ৫০ থেকে ৬০ ভাগ টাকা। কিন্তু আজ লিগ কমিটির সভাতে ক্লাবগুলোর প্রতিনিধিরা তাতে পুরোপুরি সায় দেয়নি।
সভাতে ক্লাবগুলো জানিয়েছে, তারা আগের পারিশ্রমিকের পুরোটা দিতে রাজি। তবে নতুন মৌসুমের জন্য গতবারের পারিশ্রমিক অনুযায়ী চুক্তি হবে। নতুন চুক্তি অনুযায়ী, ২০ থেকে ২৫ ভাগ অর্থ দিতে চাইছে তারা।
তবে তার আগে খেলোয়াড়রা যে দলে ছিল, সেখানেই আবারও নিবন্ধন করতে হবে। অবশ্য ক্লাবের সঙ্গে সমঝোতা করে প্রয়োজনে খেলোয়াড়রা অন্য দলে যেতে পারবেন।
খেলার ভেন্যুও কমিয়ে আনার পরামর্শ এসেছে। ক্লাবগুলো চাইছে, খেলা হতে পারে তিন থেকে চার ভেন্যুতে। এছাড়া খেলার সময়সূচি যত দ্রুত সম্ভব কমিয়ে আনার পক্ষে সবাই। অধিকাংশ ক্লাবের পক্ষ থেকে বিদেশি খেলোয়াড় না রাখার প্রস্তাবও রাখা হয়েছে।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছেন, ‘খেলা শুরু করতে চাই আমরা। ক্লাবগুলো আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। করোনাভাইরাসের সময়ে আমরা সমঝোতার মাধ্যমে ২০২০-২১ মৌসুম শুরু করতে চাই। এখন ক্লাবগুলো কিছু প্রস্তাবনা দিয়েছে। সেটি আগামী কিছুদিনের মধ্যে লিখিত আকারে দিলে তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।’








