চোটের কারণে আগেই জাতীয় দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। এবার তার পথ অনুসরণ করলেন প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান।
কুঁচকিতে চোট পেয়েছেন এই ডিফেন্ডার। তাই লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর অপেক্ষা তার বাড়লো। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আপাতত তারিক তার ক্লাব বসুন্ধরা কিংসে ফিরে গেছেন।
ফিনল্যান্ড থেকে এসে তারিক ভালোই অনুশীলন করছিলেন। তবে বৃহস্পতিবার ব্যথা পাওয়ার পর আজ (শুক্রবার) অনুশীলনে নামা সম্ভব হয়নি তার।
বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নের কথা বেশ কয়েকবার শুনিয়েছেন তিনি। এবার প্রাথমিক দলে জায়গা পেয়ে সেই স্বপ্নপূরণের পথে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু চোট বাধা হয়ে দাঁড়ানোয় স্বভাবতই হতাশ তারিক, ‘দুর্ভাগ্যবশত চোটের কারণে জাতীয় দলের ক্যাম্পে আর থাকা হচ্ছে না। আপাতত আমার স্বপ্ন স্থগিত থাকছে। আবারও ভবিষ্যতে দেখা হবে। ফিরে যাচ্ছি বসুন্ধরা কিংসে। তবে এই সময়টুকু ভালো কেটেছে। কোচসহ সবাইকে ধন্যবাদ।’







