ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে চাপে থাকা চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড গতকাল গোলশূন্য ড্র করেছে। দুই গোলরক্ষক ডি গেয়া ও থিবো করতোয়ার দারুণ কিছু সেভে উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। এ নিয়ে ৮ ম্যাচ জয়হীন ইউনাইটেড। অন্যদিকে, বরখাস্ত হওয়া হোসে মরিনহোর জায়গায় চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়া গাস হিডিংক এখনও জয়ের দেখা পেলেন না।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা ম্যানইউ ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারত। শুরুর একাদশে ফেরা রুনির চমৎকার পাস থেকে হুয়ান মাতার শট ক্রসবারে লাগলে সে যাত্রায় বেঁচে যায় চেলসি। দুই মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ পায় চেলসি। অতিথিদের হতাশ করেন গোলরক্ষক ডি গেয়া। কর্নার থেকে জন টেরির হেড ফিরিয়ে দেন তিনি। ম্যাচের ১৭ মিনিটে মার্শালের জোরালো শট চেলসি গোলরক্ষককে ফাঁকি দিলেও বারে লাগলে আরেকটি সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় ফন গালের শিষ্যরা।
বিরতি পরই এগিয়ে যেতে পারত চেলসি। কিন্তু আবার অতিথিদের হতাশ করেন ডি গেয়া। ৫২ মিনিটে পেদ্রোকে হতাশ করেন তিনি। ছয় মিনিট পর চেলসির ত্রাতা করতোয়া। শেষ পর্যন্ত গোল করতে পারেনি কোনও দলই।
এই ড্রয়ে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। ২০ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে চেলসি।
/এমআর/








