এক মৌসুম আগে প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। আসছে মৌসুমেও শক্তিশালী দল গড়েছে তারা। আগের দলটি ধরে রেখে শুধু বিদেশি খেলোয়াড়দের মধ্যে এসেছে পরিবর্তন। দুর্দান্ত দল গড়ে নতুন মৌসুমে তিনটি ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি এএফসি কাপেও সাফল্য চায় দলটি। আজ (সোমবার) সামনের মৌসুমের জন্য ২৮ খেলোয়াড়ের নাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) জমা দিয়েছে তারা।
তপু বর্মণ-ইয়াসিন খানদের নিয়ে আগের মতোই সাফল্য চাইছেন দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। ২৮ খেলোয়াড়দের নাম নিবন্ধনের আগে বাফুফে ভবনের আঙিনায় দাঁড়িয়ে এই স্প্যানিশ বলেছেন, ‘ভারসাম্যপূর্ণ দল, আশা করি খুব ভালো করবে এবার। অনেকদিন ধরে ট্রেনিংয়ে ছিল তারা, সেদিক থেকে খুব ভালো সময়ে আমরা ফেডারেশন কাপ শুরু করতে যাচ্ছি। শুধু ঘরোয়া ফুটবল কিংবা দক্ষিণ এশিয়ায় নয়, এএফসি কাপেও আমরা সাফল্য পেতে চাই।’
দলের খেলোয়াড়দের মধ্যে সমন্বয় বেশ ভালো। আর তা হয়েছে অনেকদিন ধরে একসঙ্গে অনুশীলনে থেকে। অস্কারের মতে, ‘দলের মূল শক্তি হলো স্থানীয় ও বিদেশিদের সঙ্গে চমৎকার বোঝাপড়া। নতুন চার বিদেশি খুব ভালোমানের। সবচেয়ে বড় কথা হলো, দলে কোন কোন জায়গায় সমস্যা, সেটা বুঝেই বিদেশিদের আনা হয়েছে। তাদের সঙ্গে স্থানীয়দের ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। সুতরাং গতবারের চেয়ে এই দলকে আমি এগিয়ে রাখবো, এখন মাঠে বোঝা যাবে তাদের শক্তিটা।’
দলে নতুন যোগ হয়েছে চার বিদেশি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন ডি সিলভা রবিনিয়ো ও মিডফিল্ডার জোনাথন ডি সিলভেইরা ফার্নান্দেসের সঙ্গে ইরানের ডিফেন্ডার খালেদ শাফি। এছাড়া স্ট্রাইকার হিসেবে ঢাকার মাঠে অভিষেক হতে যাচ্ছে আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরার।
তাদের নিয়ে বসুন্ধরা কোচের বক্তব্য, ‘গতবার আমি পাগল হয়ে গিয়েছিলাম ডিফেন্সিভ অর্গানাইজেশন নিয়ে। জাতীয় দলের ১০ জনের পারফরম্যান্স আমার কাছে এখন পরিষ্কার। তাদের সঙ্গে চার বিদেশি খেলাটা অন্য জায়গায় তুলে নেবে। বিশেষ করে, দুই ব্রাজিলিয়ানের খেলা হবে দেখার মতো। তাদের খেলা আলাদা করে মনে রাখবে এদেশের মানুষ। অস্কার বেসারা একদম বক্সের স্ট্রাইকার, অনেকটা হার্নানের (বারকোসের) মতো।’
দলটির ডিফেন্ডার তপু বর্মণও আশাবাদী, ‘চার বিদেশিদের সঙ্গে আমাদের বোঝাপাড়া খুবই ভালো। বেসারা অবশ্য পরে এসেছে। বাকিরা অনেক আগে থেকেই আছে, একসঙ্গে খেলছি। ওরা কী চায়, আমরা কীভাবে খেলবো, এটা এতদিনে সবাই বুঝে গেছে। কম্বিনেশন ভালো হয়েছে।’
ফেডারেশন কাপের শিরোপা জিতে মৌসুম শুরু করতে চাইছে বসুন্ধরা। অধিনায়ক তপুর আশা, ‘ফেডারেশন কাপের শিরোপা আমরা ধরে রাখতে চাই, এটা মৌসুমের প্রথম টুর্নামেন্ট। এখানে দলের অনেক কিছু বোঝা যাবে। এরপর লিগ ও এএফসি কাপ। লিগ লম্বা সময়ের খেলা, খেলোয়াড়রা কীভাবে শৃঙ্খলা বজায় রেখে নিজেদের ধরে রাখতে হবে সেটা তারা জানে। আর এএফসি কাপ মনে হয় মার্চে হবে, এখানে আমরা সেরাটা দিয়ে সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চাই। সব প্র্রতিযোগিতায় মরিয়া হয়ে আছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’








