বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে থাকে। এবারও তা হয়েছে বাফুফে ভবনসংলগ্ন কৃত্রিম টার্ফে। আজ (বুধবার) সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত এই ম্যাচে লাল দল ৩-০ গোলে সবুজ দলকে হারিয়েছে।
বিজয়ী দলের খোকন দাশ দুটি ও জাকির একটি গোল করেন।
এছাড়া সাপোর্টার্স অফ বাংলাদেশ ফুটবল-এসবিএফের আয়োজনে একই মাঠে লিজেন্ডস মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা হয়েছে।
প্রয়াত চার কিংবদন্তি ফুটবলারকে স্মরণ করে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। টিম বাদল রায়, টিম গোলাম রব্বানি হেলাল, টিম নওশেরুজ্জামান, টিম নুরুল হক মানিক নামে চারটি দল অংশ নেয় এতে।
ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করে প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। ফাইনালে টিম নওশেরুজ্জামান ৪-০ গোলে টিম বাদল রায়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
দুটি প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ও অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।








