লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। চলতি মৌসুম শুরুর আগে বার্সেলোনা ছাড়ার কথা যখন জানালেন, তখন থেকে তাকে নিয়ে নানা গুঞ্জন। নতুন করে শোনা যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে তার দেন-দরবারের গুজব। আর্জেন্টাইন অধিনায়কের বাবা ও এজেন্ট হোর্হে মেসি নাকি পিএসজির সঙ্গে আলোচনা করেছেন। এক স্প্যানিশ সংবাদমাধ্যমের এই খবরে চারদিকে নতুন করে আলোচনা শুরু হলেও সেটি থেমে যেতে সময় লাগেনি। মেসির বাবা জানিয়ে দিয়েছেন, খবরটা ‘ভুয়া’।
গত মৌসুম শেষে মেসি বার্সেলোনাকে অনুরোধ করেছিলেন, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। অথচ তখনও একবছরের চুক্তি বাকি ছিল তার। অনেক জলঘোলার পর শেষ পর্যন্ত মেসি ন্যু ক্যাম্পে থেকে গেলেও তার দলবদলের গুঞ্জন থামেনি। ইউরোপিয়ান মিডিয়ার খবর, চলতি মৌসুম শেষেই বার্সেলোনা ছেড়ে যাবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। তাহলে ভবিষ্যৎ ঠিকানা কোথায় হচ্ছে তার? এই প্রশ্নে দুটো ক্লাবের নাম সবচেয়ে বেশি শোনা যায়, ম্যানচেস্টার সিটি ও পিএসজি।
ফরাসি ক্লাবটির আলোচনা বেশি করে এসেছে নেইমারের একটি মন্তব্যের পর। দিনকয়েক আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছিলেন, আগামী বছরেই তিনি মেসির সঙ্গে খেলতে চান। যেহেতু মেসি বার্সেলোনায় থাকতে চান না, সেহেতু পিএসজিতেই তাদের জুটি বাঁধার গুঞ্জনের পালে হাওয়া লাগতে থাকে।
এরই মধ্যে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিনগুইতো দাবি করে, পিএসজির সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন মেসি। এজন্য তার বাবা গত সপ্তাহে বার্সেলোনার কাতারি দূতাবাসে আলোচনায় বসেছিলেন ফরাসি ক্লাবের সঙ্গে।
বোমা ফাটানো খবর দূর দিগন্তে মিলিয়ে যেতে সময় লাগেনি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে খবরটিকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন মেসির বাবা। মেসি সিনিয়র লিখেছেন, ‘ভুয়া। আরেকটি বানানো খবর। সেই সেপ্টেম্বর থেকে আমি আর্জেন্টিনাতেই আছি।’
রবিবার মেসির গোলেই জয়ে ফিরেছে বার্সেলোনা। লেভান্তের বিপক্ষে ১-০ গোলের জয়ে লক্ষ্যভেদে আরেকটি মাইলফলকের সামনে তিনি। স্প্যানিশ লিগে তার গোলসংখ্যা এখন ৪৪৯। আর এক গোল করলেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম খেলোয়াড় হিসেবে ৪৫০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
আজ (বুধবার) রাতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচে একবার লক্ষ্যভেদ করলে আরেকটি কীর্তি গড়বেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক ছুঁয়ে ফেলবেন পেলের ৬৪৩ গোল।








