নেইমার নিজেই গুঞ্জনে ভিত দিয়েছেন। লিওনেল মেসির সঙ্গে ফের জুটি বাঁধতে উন্মুখ হয়ে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার কথা, ‘আগামী বছরই মেসির সঙ্গে খেলতে চাই।’ চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ আর্জেন্টাইন অধিনায়কের, ফ্রি ট্রান্সফারে যেতে পারবেন যেকোনও দলে। প্যারিস সেন্ত জার্মেইয়ে নেইমারের সঙ্গে জুটি বাঁধার জোর সম্ভাবনা রয়েছে। ওদিকে বার্সেলোনার সভাপতি প্রার্থী ভিক্তর ফন্ত আবার শুনিয়েছেন নেইমারকে ফিরিয়ে আনার কথা। এই অবস্থায় মেসি কী ভাবছেন?
দিনকয়েক আগে নেইমার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি আবারও খেলতে চান মেসির সঙ্গে এবং সেটা ২০২১ সালে। তার ওই বক্তব্যের পর এতদিনে মুখ খুললেন মেসি। স্প্যানিশ টিভি চ্যানেল লা সেক্সতায় দেওয়া সাক্ষাৎকারে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী জানিয়েছেন, তিনি ঠিক নিশ্চিত নন নেইমার কী বলেছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে জুটি বাঁধার প্রশ্নের উত্তরটা নেইমারের কাছ থেকেই নিতে বলেছেন তিনি।
‘আমি জানি না, সে আসলে বলেছিল কিনা এটা (সামনে মৌসুমে আমরা একসঙ্গে খেলবো)। আমার মনে হয় ও বলেছে, ‘(সামনের মৌসুমে) খেলতে পারি...।’ ও আসলে এটা কেন বলেছে, আপনার ওর কাছেই জিজ্ঞেস করা উচিত।’- নেইমারের মন্তব্যের জবাবে মেসির বক্তব্য।
নেইমার ২০১৭ সালের গ্রীষ্মে চলে গেছেন ন্যু ক্যাম্প থেকে, আর লুইস সুয়ারেজ ছেড়েছেন গত গ্রীষ্মে। আলাদা হলেও লাতিন আমেরিকার তিন তারকার প্রায়ই যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে। মেসি বলেছেন, ‘ও (নেইমার) এবং সুয়ারেজের সঙ্গে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমাদের মাঝেমধ্যে কথা হয়। সবশেষ ম্যাসেজে আমরা কথা বলেছিলাম (চ্যাম্পিয়নস লিগ) ড্র নিয়ে।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে মেসি ও নেইমারকে। তাদের দল বার্সেলোনা-পিএসজি নামবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে। বর্তমানে বার্সেলোনা ধুঁকলেও তাদের ঠিকই সমীহ করছে প্যারিসের ক্লাবটি। নেইমারের সঙ্গে কী কথা হয়েছে, সেটি জানাতে গিয়ে মেসি বললেন, ‘আমরা কেউই একে অন্যের মুখোমুখি হতে চাইনি। আমরা এখন ভালো অবস্থানে নেই, এরপরও তারা বার্সেলোনার মুখোমুখি হতে চায় না এবং সেটার কারণ হলো, আমাদের অতীত ইতিহাস।’
নেইমারের বার্সেলোনায় আসার সম্ভাবনা প্রসঙ্গে আর্জেন্টাইন তারকার বক্তব্য, ‘ভালো মানের খেলোয়াড়কে নিয়ে আসাটা এখন ভীষণ কঠিন, কারণটা হলো অর্থ নেই। সবকিছু জেতার জন্য আমাদের ভালো খেলোয়াড় আনতে হবে, কিন্তু সেজন্য আমাদের খরচ করতে হবে। আমরা কীভাবে পিএসজিকে অর্থ দেবো? নেইমারকে আনাটা খুব ব্যয়বহুল ব্যাপার।’








