হারের বৃত্ত থেকে কোনওভাবেই বের হতে পারছে না আরামবাগ ক্রীড়া সংঘ। প্রিমিয়ার ফুটবল লিগে একের পর হার দেখছে মতিঝিল পাড়ার ক্লাবটি। এবার তাদের পঞ্চম হারের লজ্জা দিয়েছে সাইফ স্পোর্টিং। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে একপর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেও ৩-২ গোলে হেরে গেছে আরামবাগ। এখন পর্যন্ত পয়েন্টের খাতা তাদের শূন্যই। বিপরীতে ৬ ম্যাচে তৃতীয় জয়ে সাইফ ১০ পয়েন্ট পেয়েছে।
আগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও হারতে হয়েছিল সাইফকে। এই ম্যাচে অবশ্য তা হতে দেয়নি পল পুটের দল। ম্যাচের ৬ মিনিটের সময় প্রথম এগিয়ে যায় সাইফ। রহমত মিয়ার লম্বা থ্রো-ইন থেকে হেড করে জালে বল জড়ান নাইজেরিয়ান কেনেথ।
তবে সাইফের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পরই ম্যাচে সমতা আনে আরামবাগ। লম্বা থ্রো থেকে হেডে দলকে সমতায় আনেন উমর ফারুক। ম্যাচের প্রথমার্ধে সাইফ গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও পারেনি।
বিরতির পর অবশ্য তারা গোল পেয়েছে। ৫৯ মিনিটে ইয়াছিনের ক্রস থেকে মারাজের হেড আরামবাগের গোলকিপার রায়হান আহমেদ প্রতিহত করলেও শেষ রক্ষা করতে পারেননি। কেনেথের হেডে স্কোরলাইন হয় ২-১।
৬৮ মিনিটে সাইফের ব্যবধান আরও বাড়িয়ে নেন সাজ্জাদ হোসেন। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে দুরন্ত গতিতে আরামবাগের জালে বল জড়ান এই মিডফিল্ডার। ইনজুরি সময়ে ক্রিস্টোফার ব্যবধান কমালেও আরামবাগের হার এড়ানো যায়নি। ৩-২ গোলে অগ্রগামিতা রেখেই মাঠ ছেড়েছে রাফি-ইয়াছিনরা।









