সর্বশেষ ২০১৩ সালে মোহামেডান স্পোর্টিংয়ের পরিচালনা পরিষদের নির্বাচন হয়েছিল। এরপর নানান জটিলতায় দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির আর নির্বাচনই হয়নি। এরই মাঝে ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে আরও দুর্দশার মধ্যে পড়ে যায় মোহামেডান। এর পরই ক্লাবটিতে স্বচ্ছতা ও নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট এএম আমিন উদ্দিনকে নিযুক্ত করেছিল। এরই ধারাবাহিকতায় বুধবার প্রত্যাশিত নির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী ৬ মার্চ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সাধারণ সভার পাশাপাশি হবে নির্বাচন। ক্লাবটির ৩৩১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ আইনজীবী সমিতির সভাপতির সভাকক্ষে নির্বাচনি তফসিল ঘোষণা করেছেন কমিশনের প্রধান অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনে ভোটাররা আগামী ২ বছরের জন্য সভাপতি এবং ১৬ জন পরিচালককে নির্বাচিত করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন সভাপতি প্রার্থীর জন্য ৫০ হাজার টাকা এবং পরিচালক পদে প্রার্থীর জন্য ১০ হাজার টাকা মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করেছে।









