প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছেন আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রান্সিসকো তোরেস। তার কাছ থেকে এসেছে জোড়া গোল। আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইগানিও ছিলেন দুর্দান্ত। ডিফেন্ডার হয়ে গোল পেয়েছেন আবার। এছাড়া তরুণ ফরোয়ার্ড দীপক রায় লক্ষ্যভেদ করায় আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী লিমিটেড।
আট ম্যাচে পঞ্চম জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মারিও লেমসের দল। অন্য দিকে আরামবাগ ৭ ম্যাচে এখন পর্যন্ত পয়েন্টের খাতাই খুলতে পারেনি।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে আবাহনী। ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় তারা। রায়হান হাসানের থ্রো ইন থেকে দলকে এগিয়ে নেন তোরেস। ৪২ মিনিটেও ব্যবধান করেন দ্বিগুণ তিনি। চলতি লিগে এ নিয়ে ছয় গোল হলো তোরেসের। আট গোল নিয়ে শীর্ষে আছেন শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে।
দুই গোলে এগিয়ে বিরতি থেকে ফিরে এসেও চাপ অব্যাহত রাখে আবাহনী। ৬১ মিনিটে সাদ উদ্দিনের থ্রু থেকে লক্ষ্যভেদ করেন আফগানিস্তানের সাইগানি। তখন গোলের নেশা পেয়ে বসেছিল আবাহনীর খেলোয়াড়দের। যে তালিকায় ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে যোগ দেন বদলি ফরোয়ার্ড দীপক রায়ও।









