আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে তিন জাতির ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। জেমি ডে নেপাল যাচ্ছেন নতুন-পুরনো খেলোয়াড়দের নিয়েই। অবশ্য এমনটি করার কারণও সুদুরপ্রসারী। এই প্রতিযোগিতার মাধ্যমেই জাতীয় দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা জাতীয় টিমস কমিটির। এমন কথা বলেছেন, টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
এবার জেমি ডের দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়া হয়েছে। এর কারণই হচ্ছে নেপালে ভালো করতে পারলে ভবিষ্যতের অন্য খেলাগুলোতেও তাদের সুযোগ দেওয়া হবে। বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল রবিবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নেপালে যেই খেলাগুলো রয়েছে। সেগুলো আমাদের জাতীয় দলকে নতুন করে সাজানোর জন্য পরিকল্পনায় রেখেছি। কারণ দলে এবার বেশ কিছু উদীয়মান খেলোয়াড় আছে। যারা লিগে ভালো খেলছে। তাদেরকে আমরা সুযোগ করে দিতে চাই।’
নতুনদের নিয়ে নিজেদের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন কাজী নাবিল,‘তারা যদি নিজেদের তুলে ধরতে পারে। তাহলে সামনে যে বড় বড় খেলাগুলো আসবে (বিশ্বকাপ বাছাই ও অনূর্ধ্ব-২৩ দলের বড় খেলা আছে)। সেখানে ভালো ফল পাবো।’
ভালো ফলের পাশাপাশিই দলকে গোছাতে চান কাজী নাবিল। তাই নেপালের ম্যাচগুলো খেলোয়াড় পরখ করে নেওয়ার সুযোগও, ‘মূলত এই সব প্রতিযোগিতা অনেকটা জাতীয় দলের প্রস্তুতি ও নতুন করে গোছানোর জন্যই খেলা। আমাদের ফল সবসময় কাম্য। পাশাপাশি দলকেও গোছাতে হবে। নতুন করে দল গড়তে হবে। নতুনদের সুযোগ করে দিতে হবে। তাই আমাদের জন্য সহায়ক হিসেবে এসেছে এই প্রতিযোগিতা। যেখানে আমাদের খেলোয়াড়দের পরখ করে দেখতে পারবো।’
নতুন খেলোয়াড় তৈরির এখনই সময় মনে করছেন আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল, ‘আমাদের যেহেতু এরইমধ্যে অনেকগুলো খেলাতে হার-জিত আছে। তাছাড়া সিনিয়র খেলোয়াড়দেরও অনেক দিন হয়েছে। সুতরাং বেশকিছু নতুন খেলোয়াড় তৈরির এখনই সময়।’








