আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকা ছাড়তে যাচ্ছে বাংলাদেশ দল। লক্ষ্য নেপালের ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতা। কিন্তু যাওয়ার আগে লাল-সবুজ দলে করোনাভাইরাসের হানা। উইঙ্গার রাকিব হোসেন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম আবাহনীর এই ফুটবলার এখন হোটেল রুমে আইসোলোশনে আছেন।
মঙ্গলবার করোনা পরীক্ষা করা হয়েছিল সবার। সেই পরীক্ষার ফলে আজ (বুধবার) শুধু রাকিব পজিটিভ এসেছেন। কোভিডে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি তিনি।
জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিষয়টি, ‘সবার করোনা পরীক্ষা হয়েছে। শুধু রাকিব পজিটিভ হয়েছে। আপাতত হোটেলে আলাদা রুমে আইসোলোশনে রাখা হয়েছে তাকে। আমরা আবারও তাকে পরীক্ষা করতে দিয়েছি। সেই ফলের ওপর নির্ভর করছে সে নেপাল যেতে পারবে কিনা।’









