লিওনেল মেসির ও নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। বুধবার ঘরের মাঠে এসপানিওলকে ৪-১ গোলে পরাজিত করে লুইস এসপানিওল। বার্সেলোনার হয়ে মেসি জোড়া গোল করেন। একটি করে গোল করেন নেইমার ও জেরার্ড পিকে। এসপানিওলের হয়ে একমাত্র গোলটি করেন ফিলিপ কাইকেদো। আগামী বুধবার এসপানিওলের মাঠে হবে ফিরতি লেগ।
বুধবার ঘরের মাঠে খেলার শুরুতেই অবশ্য বার্সেলোনাকে স্তব্ধ করে দেয় এসপানিওল। নবম মিনিটে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় এসপানিওল। মাঝমাঠের অনেকটা ওপরে দানি আলভেজের কাছ থেকে বল কেড়ে নিয়ে মিডফিল্ডার মার্কো আসেনসিও দুর্দান্ত গতিতে বল নিয়ে বার্সার ডি বক্সে ঢুকে কাইকেদোকে পাস বাড়ান। দারুণ ফিনিশিংশে বার্সা গোলরক্ষক স্টেগানকে পরাস্ত করেন ইকুয়েডরের এই স্ট্রাইকার।
অতিথিদের এগিয়ে যাওয়ার উল্লাস অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি। মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ৪৪তম মিনিটে ফের মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকটি শেষমুহূর্তে বাঁক খেয়ে পোস্টে লেগে জালে জড়ায়।
বিরতির পরপরই বার্সার হয়ে ব্যবধান আরও বাড়ান পিকে। ৪৯তম মিনিটে মেসির বুদ্ধিদীপ্ত পাস ধরে পেনাল্টি বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংশে গোল করে ব্যবধান ৩-১ করেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে এসপানিওলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন নেইমার। ডি বক্সের ভেতর থেকে মেসি উঁচু করে বল বাড়ান। সেই বলে দুর্দান্ত এক ভলিতে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এদিন ম্যাচজুড়ে ছিল হলুদ আর লাল কার্ডের ছড়াছড়ি। এসপানিওল মোট ৯টি হলুদ আর দুটি লাল কার্ড দেখে। হলুদ কার্ডের খাড়ায় পড়েছেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা মেসি, সুয়ারেস ও নেইমার।
/এমআর/








