গত ৭ মার্চ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হয়েছিল। এরপর মধ্যবর্তী দলবদল ও চলমান লকডাউনের কারণে ফিরতি লিগের খেলা শুরু করা যায়নি। তবে আগামী ৩০ এপ্রিল ফিরতি পর্বের খেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার ফুটবল লিগ কমিটি। এরই মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে খেলা শুরু করার বিষয়ে অনুমতি চাওয়া হয়েছে।
অবশ্য খেলা শুরুর ঘোষণা দিলেও এবার দর্শক-শূন্য মাঠে লিগ আয়োজন করার পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। আজ বৃহস্পতিবার জরুরী সভাতে এমনই সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউন কে বলেছেন, ‘কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দর্শক শূন্যভাবে খেলা আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। লিগ ৩০ এপ্রিল থেকে লিগ শুরু হবে। '
৩ থেকে ৪ রাউন্ডের খেলা ঈদ-উল-ফিতরের ছুটির আগ পর্যন্ত হবে। ছুটির পরে বাকি খেলা সমন্বয় করে চলবে। কেননা এএফসি কাপে আবাহনী লিমিটেড ও বসুন্ধরার ম্যাচ রয়েছে।
খেলা হবে আগের মতোই ৪ টি ভেন্যুতে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম টঙ্গী, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাঃ লেঃ মতিউর রহমান স্টেডিয়াম মুন্সিগঞ্জ ও ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লায় ১৩ টি দল লড়াই করবে।









