করোনাভাইরাসের প্রভাবে ছেলেদের প্রিমিয়ার ফুটবল লিগ বন্ধ ছিল। এখন ফিরতি পর্ব শুরুর ঘোষাণা দিয়েছে বাফুফে। আগামী ৩০ এপ্রিল থেকে ১৩টি দল শিরোপার জন্য লড়বে। দেশের চারটি ভেন্যুতে হবে এই লিগ। তবে ছেলেদের লিগের দিনক্ষণ ঠিক হলেও মেয়েদের লিগ নিয়ে আরও অপেক্ষায় থাকতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ৩১ মার্চ আটটি দল নিয়ে মেয়েদের লিগ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছিল। পরে প্রথম পর্ব শেষ হতে না হতেই করোনার হানায় সেটি বন্ধ হয়ে গেছে। আর দেশব্যাপী লকডাউনের কারণে এখন এর ভাগ্যও অনিশ্চিত!
তবে মহিলা উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ছেলেদের লিগ ৩০ এপ্রিল মাঠে গড়াবে। সেই লিগ করোনার মধ্যে ঠিকঠাক ভাবে হলেই আমরা তখন মেয়েদেরটা শুরু করতে পারবো। আসলে আমরা মেয়েদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছি না। প্রয়োজনে ঈদের পর ফের লিগ শুরু হবে।’









