দিনটা আবাহনী লিমিটেডের ছিল না। যাদের শুরুটাই হয়েছে এএফসি কাপ থেকে বাদ পড়ার খবরে। আবার একই দিনে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে মাঠে নেমেও জয়ের দেখা পায়নি আকাশি-নীলরা। প্রথম ম্যাচটিতে পুলিশের সঙ্গে জিততে জিততে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে ছাড়তে হয়েছে মাঠ!
অবশ্য আবাহনীর জয় না পাওয়ার কারণ নতুন রিক্রুট আইভরিয়ান ফরোয়ার্ডর ক্রিস্টিয়ান কোকু। এই ফরোয়ার্ডের জোড়া গোলেই ম্যাচটি শেষ হয়েছে ড্র দিয়ে।
ড্রয়ের ফলে শিরোপা লড়াই থেকে আরও পিছিয়ে পড়লো আবাহনী। মারিও লেমসের দল ১৩ ম্যাচে পঞ্চম ড্রতে ২৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শেখ জামাল দ্বিতীয় স্থানে। অন্য দিকে পাকির আলীর পুলিশ এফসি সমান ম্যাচে চতুর্থ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে আছে আটে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের শুরু থেকে ছিল আবাহনী লিমিটেডের আধিপত্য। ২০ মিনিট পর্যন্ত তো একের পর এক সেটপিস থেকে চেষ্টা করেও রায়হান-বেলফোর্ট-সাইগানিরা লক্ষ্যভেদ করতে পারেনি।
তাদের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৩ মিনিট পর্যন্ত। পরের মিনিটেই জুয়েল রানার লক্ষ্যভেদে আবাহনী এগিয়ে যায়। ব্রাজিলিয়ান অগাস্তো তিনজনকে কাটিয়ে কাটব্যাক করলে এই ফরোয়ার্ড প্লেসিং করে বল জালে জড়িয়ে দেন। তাদের এই অগ্রগামিতা অবশ্য বেশিক্ষণ থাকেনি। ৪১ মিনিটে পুলিশ এফসি ম্যাচে সমতা ফেরায়। নতুন আসা আইভরি কোস্টের ক্রিস্টিয়ান কোকু বুক দিয়ে বল পায়ে এনে দারুণভাবে জাল কাঁপান।
দুই মিনিট পর আবারও এগিয়ে গিয়েছিল আবাহনী। বেলফোর্টের হেড থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা লক্ষ্যভেদ করেন। বিরতির পর আবাহনী নিজেদের মতো চেষ্টা চালালেও উল্টো পুলিশ এফসি সুযোগ পেয়ে আবারও গোল করে সমতা আনে ম্যাচে। ৬০ মিনিটে জমির উদ্দিনের কাটব্যাকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে কোকু দুরন্ত শটে গোলকিপার শহীদুল আলমকে পরাস্ত করেন।
এরপর আবাহনী এগিয়ে যাওয়ার জন্য কম চেষ্টা করেনি। কিন্তু আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইগানির দুর্ভাগ্য যে তার দুটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে।
দু’দলের প্রথম পর্বের ম্যাচটিতে অবশ্য আবাহনী ১-০ গোলে হারিয়েছিল পুলিশ এফসিকে।
আশরাফুল জেতালেন শেখ রাসেলকে
দিনের শেষ ম্যাচে শেখ রাসেল শেষ মুহূর্তের গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ইনজুরি সময়ে খন্দকার আশরাফুল ইসলাম বক্সের প্রান্ত থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে তিন পয়েন্ট এনে দেন।
শেখ রাসেল ১৩ ম্যাচে সপ্তম জয়ে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১০ম হারে আগের ৫ পয়েন্ট নিয়েই আছে। ১৩ দলের মধ্যে তাদের স্থান ১২তম।
আগামীকালের খেলা:
মোহামেডান স্পোর্টিং: আরামবাগ ক্রীড়া সংঘ (বিকাল ৪টা)
রহমতগঞ্জ: সাইফ স্পোর্টিং (সন্ধ্যা ৭টা)
চট্টগ্রাম আবাহনী: শেখ জামাল (রাত ৯টা)
ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম









