সময়ের স্রোতে পেরিয়ে গেছে কত বছর। মহাকালের ক্যালেন্ডারের পাতা ওল্টালে থাকলেও ভাগ্য বদলায়নি ইন্টার মিলানের। একটা সময় স্কুদেত্তোর স্বপ্ন তো দূরে থাক, সেরা চারে থাকাটাও কঠিন হয়ে পড়েছিল! ওদিকে চলছিল জুভেন্টাস-রাজ। সিরি ‘আ’র শিরোপা যেন নিজদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল তুরিনের ক্লাবটি। এক-দুবার নয়, টানা নয়বার স্কুদেত্তো ঘরে তুলেছে জুভেন্টাস। তাদের সেই রাজত্ব ভেঙে এবার ইতালিয়ান ফুটবলের রাজা ইন্টার মিলান। ১১ বছর পর সিরি ‘আ’ জিতেছে মিলানের ক্লাবটি।
রবিবার সাসুউলোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আতালান্তা। এই ম্যাচের ড্রতে উৎসবের ঢেউ ওঠে ইন্টারে। দ্বিতীয় স্থানে থাকা আতালান্তা পয়েন্ট হারানোয় চার ম্যাচ হাতে রেখে ইতালিয়ান লিগ জিতে নিয়েছে মিলানের ক্লাবটি। ২০০৯-১০ মৌসুমে সবশেষ ইন্টার সিরি ‘আ’ জিতেছিল জোসে মরিনিয়োর অধীনে। এরপর পর্তুগিজ কোচ রিয়াল মাদ্রিদে চলে গেলে রঙ হারায় ইন্টার। অবস্থা এমন হয়েছিল, কোনও কোনও মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারেননি তারা!
সেই দলটাই আমূল পাল্টে যায় আন্তোনিও কন্তে দায়িত্ব নেওয়ার পর। গত মৌসুমে শিরোপার স্বপ্ন জাগালেও হয়নি। তবে এবার ঠিকই চার ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করেছে তারা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি হলো ইন্টারের। শনিবার ক্রোতোনের মাঠ থেকে ২-০ গোলে জিতে ফিরে মোটামুটি ট্রফির নিশ্চিত করে রেখেছিল, আর রবিবার সাসুউলোর হারে আনুষ্ঠানিকভাবে শিরোপা উৎসব করেছে তারা। চার ম্যাচ বাকি থাকতে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে ইন্টার।
এরই সঙ্গে শেষ হলো জুভেন্টাস শিরোপারথের। সেই ২০১১-১২ মৌসুম থেকে শুরু হয়েছিল তাদের জয়যাত্রা, এরপর থেকে তুরিন ছাড়া স্কুদেত্তো যায়নি আর কোথাও। কন্তের হাত ধরে জুভেন্টাসে যে উৎসব শুরু হয়েছিল, সেই কন্তেই তুরিনের ক্লাবের উদযাপন থামালেন। টানা ৯ মৌসুম পর ইতালিয়ান ফুটবলের সিংহাসনচ্যুত হলো জুভেন্টাস, সমান্তরালে ১১ বছর পর মুকুট পরলো ইন্টার।









