প্রায় ৬ বছর পর ফ্রান্স জাতীয় দলে ডাক পেলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজিমা। ইউরোর জন্য তাকে নিয়েই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম।
মূলত এতদিন বাইরে থাকার জন্য দায়ী ছিলেন বেনজিমা নিজেই। ক্লাব ফুটবলে অসাধারণ ফর্মে থাকলেও ২০১৫ সালে ‘সেক্স-টেপ স্ক্যান্ডালে’ জড়ানোর পর থেকে তিনি ফ্রান্স দলে বিবেচিত হননি। যে কারণে গত ইউরো ও বিশ্বকাপেও জায়গা হয়নি।
সর্বশেষ এই জানুয়ারিতেই ফরাসি প্রসিকিউটররা জানিয়েছেন, বিচারের মুখোমুখি হতে পারেন বেনজিমা। এমন বিতর্ক নিয়েই অবশেষে দলে ডাক পেলেন ফরাসি তারকা।
তার বিরুদ্ধে অভিযোগটা গুরুতর। ২০১৫ সালে জাতীয় দলের সতীর্থ ভ্যালবুয়েনার একটি সেক্স টেপ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন বেনজিমা। অবশ্য তিনি কাজটা করিয়েছিলেন লোক লাগিয়ে।
শুরুর দিকে এই অভিযোগে বেনজিমাকে দলে রাখা না হলেও এখন রাখা প্রসঙ্গে কোচ দেশম বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আজ ও আগামীর বিষয় ভাবা।’
ফ্রান্সের ইউরো দল:
গোলরক্ষক: উগো লরি, স্তিভ মঁদঁদা, মাইক মিয়াঁ।
ডিফেন্ডার: লুকাস দিগনে, লিও দুবয়ঁ, লুকাস এর্নান্দেস, প্রেসনেল কিম্পেম্বে, বেনজামিন পাভার্দ, জুলস কুন্দে, ক্লেমন্ত লংলে, কুর্ত জুমা, রাফায়েল ভারান।
মিডফিল্ডার: এনগোলো কঁতে, থমাস লেমার, পল পগবা, আদ্রিওঁ রাবিও, মুসা সিসোকো ও করেতিঁ তোলিসো।
ফরোয়ার্ড: বেন ইয়েদ্দের, করিম বেনজিমা, কিংসলে কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আন্তোয়ান গ্রিয়েজমান, কিলিয়ান এমবাপ্পে ও মার্কাস থ্যুরাম।









