ব্যর্থতার তলানিতে পৌঁছেছিল ইন্টার মিলান। লিগ শিরোপা তো দূরে থাক, পয়েন্ট টেবিলের চারেও থাকা হচ্ছিল না তাদের। কিন্তু আন্তোনিও কন্তের ছোঁয়ায় সব বদলে গেলো। আগের মৌসুমে আশা জাগানোর পর এবারের মৌসুমে এক দশক পর ইন্টার পেলো প্রথম সিরি ‘আ’ শিরোপা। অথচ ইতিহাস গড়ার পরও কিনা মিলান ছেড়ে দিলেন কন্তে! তাও চুক্তির মেয়াদ এক মৌসুম বাকি থাকতে।
স্কুদেত্তো এসেছে, ইন্টার সমর্থকরা এবার আশায় বুক বাঁধছিলেন চ্যাম্পিয়নস লিগ নিয়ে। এবং সেই আশা জমাট বাঁধছিল কন্তেকে ঘিরেই। কিন্তু লিগ জেতার পর ইতালিয়ান কোচের ইন্টার ছাড়ার ঘোষণা এসেছে। দুর্দান্ত ট্যাকটিকসে যেখানে খুশির ঝরনা ঝরিয়েছেন, কোচিংয়েও পাচ্ছিলেন তৃপ্তি, হঠাৎ কেন সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কন্তে? স্কুদেত্তো জেতার পথে পছন্দের খেলোয়াড় যাকে চেয়েছেন, ইন্টার দিয়েছে তাকে। কিন্তু আর্থিক সংকটে অবস্থা আর আগের মতো থাকছে না মিলানের ক্লাবটিতে। অর্থনৈতিক ঝামেলাই কন্তের বিদায়ের প্রধান কারণ।
ইন্টার কর্তৃপক্ষ এক বিবৃতিতে কন্তের বিদায়ের ঘোষণা দিলেও কারণ উল্লেখ করেনি। তবে ইতালিয়ান সংবাদমাধ্যগুলোর খবর, ইন্টারের মালিকানা প্রতিষ্ঠান চীনের সুনিং হোল্ডিংস গ্রুপ খরচ কমাচ্ছে। এজন্য আগামী মৌসুমে বেশ কয়েকজন তারকা ফুটবলারকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা। যার মধ্যে রয়েছেন রোমেলু লুকাকুর মতো খেলোয়াড়। যদিও ম্যানেজমেন্টের ‘ছাঁটাই’ প্রক্রিয়ায় সায় ছিল না কন্তের। ইতালিয়ান কোচ সামনের মৌসুমেও একই স্কোয়াড চেয়েছেন। মালিকপক্ষের সঙ্গে একমত হতে না পারায় চুক্তির মেয়াদ শেষের এক বছর আগেই ইন্টার ছেড়েছেন কন্তে।
তাই দীর্ঘদিন পর সাফল্যে এলেও আবার অন্ধকারে হারিয়ে যাওয়ার আশঙ্কা ইন্টারের। সাফল্য এনে দেওয়া কোচের বিদায় যেন বড় ধাক্কা হয়ে না দাঁড়ায় সেজন্য ভালোমানের কোচ খুঁজছে তারা। ইতালিয়ান মিডিয়ার খবর, কন্তের বদলি হিসেবে আলোচনার টেবিলে ওপরের দিকে আছেন সিমোনে ইনজাগনি ও মাসিমিলিয়ানো আলেগ্রি। যদিও ইন্টার তাড়াহুড়ো করতে চায় না। সামনেই ইউরো চ্যাম্পিয়নশিপ, এই প্রতিযোগিতা শেষেই সিদ্ধান্ত নিতে চায় তারা।









