এর আগেও জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন কাজী তারিক রায়হান। নেপালে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত দলে জায়গা নেওয়ার আগেই চোটের কারণে ছিটকে পড়েছিলেন। যে কারণে লাল-সবুজ জার্সি গায়ে অভিষেক হয়নি। তবে এবার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাকি থাকা তিন ম্যাচের বাংলাদেশ দলে আছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার। অভিষেকের অপেক্ষায় থাকা তারিক স্বপ্ন দেখছেন জাতীয় দলের হয়ে মাঠ মাতানোর।
ফিনল্যান্ড থেকে এসে দুই মৌসুম ধরে বসুন্ধরা কিংসে খেলছেন তারিক। রক্ষণের যেকোনও পজিশনে খেলতে পারেন। এবার কাতারে জেমি ডের রক্ষণ কৌশলে তারিক হতে পারেন অন্যতম অস্ত্র। লাল-সবুজ জার্সি গায়ে খেলার জন্য এই ডিফেন্ডারের তর সইছে না, ‘এটা আমার জাতীয় দলে প্রথম কোনও অভিযান। যদি খেলার সুযোগ পাই, তাহলে নিজের সেরাটা নিংড়ে দেবো। সেই লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছি।’
শুধু নিজের সেরাটা দেওয়া নয়, দল হিসেবে যেন সবাই নিজেদের সেরাটা দিতে পারে, সেই লক্ষ্যও আছে। তারিক বললেন, ‘আমরা কাতারে ভালো অনুশীলন করছি। বিশ্বকাপ বাছাইয়ে বাকি তিন ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। অপেক্ষায় আছি বলতে পারেন। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’
দলের সঙ্গে যোগ দিয়েছেন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। সেখানে গিয়ে করোনা পরীক্ষা করে নেগেটিভ হয়ে এখন অনুশীলনে যোগ দেওয়ার অপেক্ষায় তিনি। এই উইঙ্গার বলেছেন, ‘এখানে (কাতারে) করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছি। আগামী তিনটি ম্যাচের জন্য দোয়া করবেন, যেন ভালো ফল নিয়ে দেশে ফিরতে পারি। আমি মানসিক ও শারিরীকভাবে ফিট আছি।’
/টিএ/কেআর/









