বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ১ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের অবস্থান তলানিতে। মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ, এখন বাকি তিন ম্যাচ থেকে পয়েন্ট চাইছে জামাল ভূঁইয়ারা। এজন্য কাতারের মাঠে পারফর্ম করে দেখাতে হবে। তবে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও অবদান রাখার সুযোগ দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে। আর সেটি হলো দেশের মানুষের সমর্থন।
আগামীকাল (বৃহস্পতিবার) আফগানিস্তানের বিপক্ষে লড়বে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ সময় রাত ৮টায় হবে ম্যাচটি। মূল লড়াইয়ে নামার আগে ডে আরেকবার জানিয়ে রাখলেন, ম্যাচটি বেশ কঠিন হবে। তাই সমর্থন চাইছেন সবার, ‘আমরা বাংলাদেশের মানুষের সমর্থন চাই। আগেও বলেছি, এই তিনটা ম্যাচ খুবই কঠিন হবে। তাদের (বাংলাদেশের ফুটবলপ্রেমীদের) জন্য ফল নিয়ে যেতে পারলে আমাদের ভালো লাগবে। আশা করি, আমরা তাদেরকে ভালো বার্তা দিতে পারবো এবং কিছু পয়েন্ট নিয়ে ফিরতে পারবো।’
প্রতিপক্ষ আফগানিস্তান নিয়ে সবসময় সতর্ক মন্তব্য করে আসছেন ডে। ম্যাচের আগের দিনও একই কথা তার কণ্ঠে, ‘আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের সামনে বড় একটা ম্যাচ রয়েছে। এটার জন্য আমরা মুখিয়ে আছি। আমরা জানি, আফগানিস্তান ম্যাচ খুবই কঠিন হবে, তারা খুব ভালো দল এবং তাদের অনেক খেলোয়াড় ইউরোপে খেলে। ফলে তারা টেকনিক্যালি ভালো।’
আফগানদের বিপক্ষে ভালো করতে হলে যে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে, তা শিষ্যদের আবার মনে করিয়ে দিলেন ডে, “ফল পেতে হলে আমাদের সেরাটা দেওয়া প্রয়োজন। ‘সর্বোচ্চ চেষ্টা করবে এবং শতভাগ দেবে’- ছেলেদের কাছে আমি এটাই চাইতে পারি। আমাদের নিশ্চিত করতে হবে ছেলেরা সুযোগগুলো কাজে লাগাবে এবং রক্ষণ ভালোভাবে সামলাবে।”








