ফিফা র্যাংঙ্কিংয়ে ভারতের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। ভারত ১০৫ নম্বরে, আর লাল-সবুজের দল রয়েছে ১৮৪-তে। এই ব্যবধান ঘুচিয়ে বাংলাদেশ নিজেদের সমার্থ্য দেখিয়েছে ২০১৯ সালে কলকাতায় অ্যাওয়ে ম্যাচে, এগিয়ে গিয়ে ড্র করেছিল ১-১ গোলে। এবার ৭ জুন কাতারে ‘হোম ম্যাচে’ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তার আগে ভারতের শক্তি-দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করছে জেমি ডের দল।
বিশ্বকাপ বাছাইয়ে ভারতের মাটিতে খেলায় তাদের সম্পর্কে বেশ ভালো ধারণা আছে বাংলাদেশের। এখন চলছে নতুন করে ভারত-বধের কৌশল নিয়ে কাজ। জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া বলেছেন, ‘আমি তাদের সঙ্গে আগে খেলেছি। ভারতের শক্তি ও দুর্বল দিক সম্পর্কে আমরা জানি। আমাদের আরও দুটো সেশন আছে। আমাদের মিটিং রুম ও মাঠে তা দেখানো হচ্ছে। তাদের কোনটা শক্তিশালী ও দুর্বল দিক, তা নিয়ে কাজ হচ্ছে। আশা করছি, ভারতের সঙ্গে ভালো খেলে পয়েন্ট নিয়ে আসতে পারবো।’
আফগানিস্তানের বিপক্ষে ডিফেন্সের ভুলে গোল হজম করেছে বাংলাদেশ। পরের ম্যাচে এমন ভুল করতে চায় না ডে’র দল। রহমতের কথায় তা পরিষ্কার, ‘বড় দলের সঙ্গে ডিফেন্ডিং চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে। সিলি মিসটেক করলে বিপরীতে গোল হজম করার সুযোগ বেশি থাকে। এই দিকে মনোযোগ বেশি দিতে হবে। যাতে শিশুসুলভ ভুল না হয়।’
জাতীয় দলে সর্বকনিষ্ঠ ডিফেন্ডার হিসেবে রিমন হোসেন খেলছেন। আফগানদের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। সামনের দিকে সুযোগ পেলেও নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি তার, ‘আফগানদের সঙ্গে বদলি হিসেবে মাঠে নেমেছি। সেরাটা দেওয়ার চেষ্টা করছি। ১ পয়েন্ট পেয়েছি। ভারতের সঙ্গে যেন ভালো খেলতে পারি। সবাই দোয়া করবেন।’
মাত্র ১৭ বছর বয়সে রিমন জাতীয় দলে খেলছেন। দেশের জার্সিতে খেলে রোমাঞ্চিত রিমন, ‘এত অল্প বয়সে খেলছি জাতীয় দলে, এটা আমার জন্য বড় পাওয়া। আমি যেন পারফরম্যান্স ধরে রেখে দীর্ঘদিন জাতীয় দলে খেলতে পারি, জায়গা ধরে রাখতে পারি। সেই চেষ্টাই থাকবে।’









