অনেকদিন ধরেই প্রত্যাশা ছিল বাংলাদেশি হয়ে মাঠে নামবেন এলিটা কিংসলে। খেলবেন মাঠ জুড়ে। অবশেষে নাইজেরিয়ায় জন্ম নেওয়া এই স্ট্রাইকারের স্বপ্ন পূরণ হয়েছে। আজ (শনিবার) বসুন্ধরা কিংসের হয়ে ‘বাংলাদেশি’ কোটায় খেলতে নেমেছেন ৩১ বছর বয়সী ফুটবলার। নেমেছেন কী, বাংলাদেশি হিসেবে প্রথম গোলও পেয়ে গেছেন তিনি!
রহমতগঞ্জের বিপক্ষে ফরোয়ার্ড পজিশনে জায়গা হয়েছে কিংসলের। যদিও এই ম্যাচে নেই ব্রাজিলিয়ান রবিনিয়ো। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই খেলছে অস্কার ব্রুজনের দল। তাতে কী, কিংসলে আছেন না! বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর প্রথমবার বাংলাদেশি হিসেবে মাঠে নামার উপলক্ষটা তিনি রাঙালেন গোল করে। ২৯ মিনিটে ব্রাজিলিয়ান ফের্নান্দেজের ক্রসে হেডে লক্ষভেদ করেন কিংসলে।
কিংসলে ম্যাচের আগে বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। বাংলাদেশি নাগরিক হয়ে ঘরোয়া ফুটবলে খেলবো। এজন্য নিয়মিত অনুশীলন করেছি। কোচ যদি মনে করে, তাহলে খেলার সুযোগ থাকবে। নিজের পারফরম্যান্স দেখাতে পারবো।’
বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন আশাবাদী কিংসলেকে নিয়ে। তিনি বলেছেন, ‘সে একজন ভালো স্ট্রাইকার। আশা করছি, কিংসের হয়ে সে গোল পাবে। দলও উপকৃত হবে।'









