স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি একদিনের বেশি ধরে রাখা সম্ভব হলো না বার্সেলোনার। সেল্টা ডি ভিগোর বিপক্ষে ২-০ গোলে জিতে বার্সেলোনাকে দুইয়ে ঠেলে টেবিলের শীর্ষে উঠে এলো অ্যাটলেটিকো মাদ্রিদ।
রবিবার স্বাগতিক সেল্টার বিপক্ষে প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি ডিয়েগো সিমিওনের দলের। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার অ্যান্টনি গ্রিজমান। চলতি মৌসুমে লা লিগায় এটি তার দশম গোল।
৭৯ মিনিটে বদলি খেলোয়াড় বেলজিয়ামের ইয়ানিক কারাসকো দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাটলেটিকো।
এই জয়ে ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট হলো অ্যাতলেটিকোর। ১৮ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তবে একটি ম্যাচ কম খেলেছে কাতালানরা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে রিয়াল মাদ্রিদ।
/এমআর/








