করোনাভাইরাসের কাছে হার মানলেন সাবেক ফুটবলার কল্লোল কুমার ঘোষ। শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪০ বছর বয়সে মারা গেছেন এই সাবেক মিডফিল্ডার। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে ও মেয়ে। শনিবার দুপুরে নিজ জেলা মাগুরাতে কল্লোলের শেষকৃত্য হয়েছে।
কল্লোল ২০০২ সালে এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল খেলতে পাকিস্তান সফর করেন। সেখানে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন। এছাড়া ঢাকার ফুটবলে আরামবাগ, ফরাশগঞ্জ ও সাধারণ বীমাতে খেলেছেন।
সেই সময়ে এই সাবেক মিডফিল্ডারের সতীর্থ জাতীয় দলে খেলা উইঙ্গার মেহেদী হাসান উজ্জ্বল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কল্লোল প্রায় দেড় মাস ধরে করোনার সঙ্গে লড়াই করেছে। আইসিইউতে ছিল অনেক দিন। শেষের দিকে লাইফ সাপোর্টে থেকেও বাঁচানো যায়নি। আমরা ২০০২ সালে একসঙ্গে এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলে খেলেছি।’









