ফ্রান্সে নতুন মৌসুম শুরু হয়ে গেছে। ফরাসি লিগ ওয়ানের শিরোপা অভিযানে নেমেছে প্যারিস সেন্ত জার্মেই। ফ্রান্সের সবচেয়ে শক্তিশালী দল হওয়ার কারণে তারা আলোচনায় থাকবে স্বাভাবিক। তবে বর্তমান পরিস্থিতিতে প্যারিসের ক্লাবটি ঘিরে আগ্রহ অন্য সব সময়ের তুলনায় বেশি। কারণটা লিওনেল মেসি। তাই জয় দিয়ে মৌসুম শুরুর পরও মেসি প্রসঙ্গে প্রশ্ন সামলাতে হলো পিএসজি কোচ মাউরিচিও পোচেত্তিনোকে।
এবারের মৌসেুমে লিগ ওয়ানে সুযোগ পেয়েছে থোয়া। শনিবার রাতে তাদের মাঠে পিএসজি জিতেছে ২-১ গোলে। শুরুতে পিছিয়ে পড়লেও ৩ পয়েন্ট নিয়ে লিগ মৌসুম শুরু করেছে প্যারিসের ক্লাবটি।
ম্যাচ ঘড়ির নবম মিনিটে পিএসজিকে চমকে দেয় থোয়া। ওয়ালিদ এল হাজ্জামের গোলে এগিয়ে যায় দ্বিতীয় বিভাগ থেকে লিগ ওয়ানে নাম লেখানো দলটি। যদিও পিএসজির জবাব দিতে সময় লাগেনি। ১০ মিনিট পর তাদের সমতায় ফেরান গ্রীষ্মের দলবদলে ইন্টার মিলান থেকে নাম লেখানো আশরাফ হাকিমি। এগিয়ে যেতেও সময় লাগেনি পিএসজির। ২১তম মিনিটে সফরকারীদের লিড এনে দেন মাউরো ইকার্দি। ওই গোলটাই জয়ের সঙ্গে ৩ পয়েন্ট এনে দিয়েছে পিএসজিকে।
সবে লিগ ওয়ানে নাম লেখানো একটা দলের বিপক্ষে কষ্টের জয়, তা নিয়ে আলোচনার চেয়ে পিএসজি কোচের কাছে বেশি জানার আগ্রহ ছিল মেসি পরিস্থিতি নিয়ে। ইউরোপিয়ান মিডিয়ায় জোর গুঞ্জন, প্যারিসের ক্লাবেই যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। পোচেত্তিনো গুঞ্জন উড়িয়ে দেননি, আবার স্পষ্ট করে কিছু বলেনওনি। পিএসজি মেসির পরিস্থিতিতে নজর রাখছে, এতোটুকু নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপকে পোচেত্তিনো বলেছেন, ‘তার (মেসি) নাম বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সামনের কয়েকদিনে কী হয়, আমরা তাতে নজর রাখছি। খেলোয়াড়েরা তাদের কাজে মনোযোগী আছে। আমরা ভালোভাবে ম্যাচ শুরু করতে পারিনি। অনেক সুযোগ হাতছাড়া করেছি।’
ম্যাচটি বড় ব্যবধানে জেতার স্বপ্ন ছিল পিএসজি কোচের, ‘তবে থোয়াকে কৃতিত্ব দিতেই হবে, তারা আমাদের কাজ কঠিন করে তুলেছিল। ৫-০ ব্যবধানে জিতলে ভালো লাগতো, তবে যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।’









