একটু পরই বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি। এর আগেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে শেখ জামাল। কোচ শফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করেছে তারা। আগের ম্যাচে খারাপ পারফরম্যান্সের কারণে মানিককে আর কোচ পদে রাখছে না ক্লাব কর্তৃপক্ষ।
মানিকের বরখাস্তের বিষয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন চুন্নু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে মানিকের পারফরম্যান্স ভালো না হওয়ায় তাকে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় মোশাররফ বাদল ভারপ্রাপ্ত কোচ হিসেবে থাকবেন।’
এদিকে আকস্মিক বরখাস্তের খবর শুনেছেন মানিক। তবে হাতে এখনও সেই চিঠি পৌঁছায়নি। মানিক চাকরি হারিয়ে বলেছেন, ‘আমার দল ভালো খেলেছে। আবাহনী আমাদের চেয়ে ভালো দল। তাই দুই গোলে এগিয়ে থেকেও ড্র হয়েছে। এছাড়া আমরা রানার্সআপ পজিশনে আছি। আমি তো মনে করি দল খারাপ করেনি। আগামীকাল প্রেস কনফারেন্সে বিস্তারিত বলবো।’
প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। এরপরই রয়েছে শেখ জামাল। আবাহনী লিমিটেড রয়েছে তৃতীয় স্থানে।








