প্রিমিয়ার ফুটবল লিগে রানার্সআপের লড়াইয়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ এখন শেষ পর্যায়ে আছে। ঠিক এই সময়েই কোচ শফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করেছে শেখ জামাল। সোমবার ম্যাচের তিন ঘণ্টা আগে বরখাস্তের খবর পান এই কোচ। এরপর আনুষ্ঠানিকভাবে চিঠিও পেয়েছেন। কিন্তু মানিক এখনও জানেন না, ঠিক কী কারণে তাকে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে!
বরখাস্তের পর মানিক তাৎক্ষণিকভাবে তেমন কিছু বলতে চাননি। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুরে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেন।
মানিক বলেছেন, ‘আমাকে বরখাস্তের চিঠিতে কোনও কারণ দেখানো হয়নি। শুধু বলা হয়েছে, আমি আর কোচের পদে নেই। আমি নিজেই জানি না কেন এই অবস্থা হলো। তবে আমি চাই না ভবিষ্যতে কারও সঙ্গে এমনটি হোক।’
এরপর মানিকের সরাসরি প্রশ্ন, ‘আমাদের ক্লাব তো খারাপ অবস্থায় ছিল না। মাঝারি মানের দল নিয়েও শীর্ষ পর্যায়ে লড়াই করেছি। রানার্সআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক এই সময়ে এসে হঠাৎ করে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এতে আমি অবাকই হয়েছি। এমনটা আসলে চাইনি।’
শেখ জামালের জন্য নিজের সবরকম চেষ্টা ছিল বলে মানিক দাবি করে বলেছেন, ‘দলটির জন্য আমি কম চেষ্টা করিনি। সবাই যেন ঠিকমতো পারিশ্রমিক পায় সেই চেষ্টাও করেছি। সবাইকে এক করে মাঠে লড়াই করেছি। সবাই মাঠে ভালো খেলার চেষ্টাও করেছে। লিগে একটি বা দুটি ম্যাচ হারতেই পারেন। তাই বলে কোচকে বিদায় করে দেওয়াটা কি ঠিক হয়েছে?’









