বিশ্বকাপ বাছাইয়ের আগে বড় রকমের বিপদে পড়ে গেলো উরুগুয়ে। দলের বড় তারকা লুই সুয়ারেস আর এদিনসন কাভানিকে পাচ্ছে না তারা।
সোমবার সুয়ারেসের ক্লাব আতলেতিকো মাদ্রিদ জানিয়েছে, বাম হাঁটুর ইনজুরিতে থাকায় তিনি খেলতে পারবেন না। রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ ড্র করা ম্যাচটিতেই চোট আক্রান্ত হন উরুগুয়ে স্ট্রাইকার। ফলে ৭০ মিনিটে ব্যথা নিয়েই মাঠ ছাড়েন তিনি। এমআরআই করার পর চোটের বিষয়টি আরও পরিষ্কার হয়েছে।
তবে স্প্যানিশ ক্লাব এ বিষয়টি নিশ্চিত করেনি যে, কতদিনের জন্য তিনি সাইড লাইনে থাকবেন। কিন্তু সুয়ারেস নিশ্চিতভাবেই পেরু (বৃহস্পতিবার), বলিভিয়া ( ৫ সেপ্টেম্বর) ও ইকুয়েডরের (৯ সেপ্টেম্বর) বিপক্ষে খেলতে পারছেন না।
এদিকে সুয়ারেস চোটের কারণে খেলতে না পারলেও কাভানির বেলায় দেখা দিয়েছে অন্য এক জটিলতা। ইংলিশ প্রিমিয়ার লিগ গত সপ্তাহে ঘোষণা দেয়, করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারের কাছে যেসব দেশ লাল তালিকাভুক্ত। আন্তর্জাতিক ম্যাচের জন্য সেসব দেশের খেলোয়াড়দের তারা ছাড়তে রাজি নয়। তাই ম্যানচেস্টার ইউনাইটেডও এই ফরোয়ার্ডকে ছাড়ছে না। এমন পরিস্থিতিতে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিশেন কাভানিকে বাধ্য হয়েই দল থেকে বাদ দিয়েছে।









