দল-বদলের বাজারে দিনভর নাটকের জন্ম দিয়েছিলেন। পরে জানা গেলো, জুভেন্টাস ছেড়ে পুনরায় ম্যানচেস্টার ইউনাইটেডেই পাড়ি জমাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। শুধু আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি জানা বাকি ছিল। মঙ্গলবার সেটিও হয়ে গেলো।
ইংলিশ ক্লাবটিতে দুই বছরের চুক্তি হয়েছে পর্তুগিজ তারকার। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর অপশনও রাখা হয়েছে। বিবিসি জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই তারকার জন্য ম্যানইউর খরচ হচ্ছে মোট ২৩ মিলিয়ন ইউরো।
পুনরায় ঘরের ছেলে হিসেবে ফিরতে পেরে রোনালদো ভীষণ উচ্ছ্বসিত। তাই তো বলেছেন, ‘ম্যানইউ এমনই একটি ক্লাব, যা আমার হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। শুক্রবার ঘোষণা আসার পর থেকে যেভাবে বার্তা আসা শুরু করেছে, তাতে আমি অভিভূত।’
রোনালদোর এমন অনুভূতি হওয়ার পেছনে কারণ তো একটা রয়েছেই। ১৮ বছর বয়সে স্পোর্তিং থেকে ২০০৩ সালে প্রিমিয়ার লিগ ক্লাবটিতে আসা রোনালদোর। এর পর তারকা হয়ে ওঠা এখানেই। তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস শিরোপা জিতেছেন। প্রথমবার রোনালদোর ম্যানইউ ক্যারিয়ার স্থায়ী ছিল ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত। তখন ২৯২টি ম্যাচে গোল করেছেন ১১৮টি। এর পরেই তো তাকে তখনকার রেকর্ড ফিতে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। তাই পুনরায় রেড ডেভিলদের সঙ্গী হয়ে রোনালদোর আর তর সইছে না, ‘ওল্ড ট্র্যাফোর্ডে পুনরায় দশর্কদের সামনে খেলার জন্য আমার আর তর সইছে না।’









