কিরগিজস্তানে তিনজাতি ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে আগের দিনই। আগামী সোমবার বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফিলিস্তিনের। এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিটা সেরে নিচ্ছে সোহেল রানা-সাদ উদ্দিনরা। তার আগে ফিলিস্তিনের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ চলছে।
বিশ্বকাপ বাছাইয়ে চোটের কারণে ছিলেন না উইঙ্গার সাদ উদ্দিন। কিরগিজস্তানের প্রতিযোগিতায় ফিরেছেন। ভিডিও বার্তায় শুক্রবার প্রস্তুতি নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের ম্যাচ প্রস্তুতি ভালো। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। ফিলিস্তিন আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। র্যাঙ্কিংয়েও অনেক এগিয়ে। গতকালের ম্যাচে ওদের শক্তিশালী ও দুর্বল দিকগুলো কোচ খুঁজে বের করেছেন। সেগুলো নিয়ে আজ কাজ করেছি, কালও করবো। আশা করি, ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো আমরা।’
প্রতিযোগিতায় প্রথম ম্যাচে কিরগিজস্তানের কাছে এক গোলে হেরেছে ফিলিস্তিন। সেই ম্যাচ দেখেছে দলের সবাই। তাই সাদের মতো সোহেল রানাও বলেছেন, ‘কোচ আমাদের ফিলিস্তিন ম্যাচের ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করেছেন। ওদের শক্তি-দুর্বলতা নিয়েও কাজ চলছে। আশা করি, আমরা ফিলিস্তিনের বিপক্ষে ভালো একটা ফল আনতে পারবো।’
মূলত আগামী অক্টোবরে সাফের আগে ভালো প্রস্তুতির লক্ষ্য এই তারকার, ‘এটা আমাদের সাফের আগে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করি, ম্যাচগুলো খেলে সাফের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবো।’









