বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, মাগুরার মাটি ফুটবলের ঘাঁটি বলে পরিচিত। আশা করি এই লীগ খুব জমজমাট হবে। লীগ খেলার মধ্য দিয়ে অনেক নতুন ফুটবলার বেরিয়ে আসবে।
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় ‘বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগ’ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাছের বাবলু, মাগুরা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মকবুল হোসেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের হেড অফ অ্যাডমিন জাহিদুল আলম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত ‘বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগ ২০২০-২১’-এর স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বসুন্ধরা কিংস এবং ইমপেরিয়াল রিয়েল এস্টেট লিমিটেড।
এবারের লীগে জেলার মোট ২৪টি টিম অংশগ্রহণ করছে। ছয়টি গ্রুপে চারটি করে দল এক অপরের মুখোমুখি হবে। চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত প্রথম পর্বের খেলা চলবে। এরপর পরের পর্বগুলোর খেলার সময় নির্ধারণ করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় আছাদুজ্জামান স্পোর্টস অ্যাকাডেমি বনাম জোকা যুব সংঘ মাগুরা। এতে দ্বিতীয়ার্ধে আছাদুজ্জামান স্পোর্টসের স্ট্রাইকার খালেদের গোলে জয়ী হয় দলটি।









