কোথায় থামবেন, তা বলতে পারেন শুধুই ক্রিস্তিয়ানো রোনালদো। গত মাসেই আন্তর্জাতিক ফুটবলের সর্বাধিক গোলের রেকর্ডটা ভেঙেছেন। প্রীতি ম্যাচে বিশ্বকাপ আয়োজক কাতারকে ৩-০ গোলে হারানোর দিনে রেকর্ডটাকে সমৃদ্ধ করেছেন আরও। একটি গোল করে রেকর্ডটাকে নিয়ে গেছেন ১১২-তে।
১০৯ গোল নিয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইরানের আলি দাইয়ি। গত মাসে জোড়া গোল করে সেই রেকর্ড ভাঙেন পর্তুগিজ যুবরাজ।
আগামী বিশ্বকাপ আয়োজক কাতারকে হারানোর দিনেও সেই ছন্দটা ধরে রাখলেন। তাতে বাছাইয়ের প্রস্তুতিও সেরে নেওয়া গেলো ভালোমতো। শুরুর দিকে গোলের সুযোগ মিস করলেও বিরতির ৮ মিনিটে আগে কোন ভুল হয়নি তার। ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ডিয়েগো দালতের ক্রস শুরুতে এক ডিফেন্ডারের গায়ে লেগে তার সামনে আসে। অরক্ষিত জাল পেয়ে সুযোগেই জাল কাঁপিয়ে দেন রোনালদো।
বিরতির পর অবশ্য তাকে উঠিয়ে নিয়েছিলেন কোচ। এর পরেও ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়নি পর্তুগিজদের। ৪৮ মিনিটে ব্যবধান বাড়ে হোসে ফন্তের গোলে। শেষ মুহূর্তে স্কোর ৩-০ করেন আন্দ্রে সিলভা। বাম উইং থেকে অভিষিক্ত রাফায়েল লিয়াওর ক্রস থেকে হেড করে জাল কাঁপান পর্তুগিজ স্ট্রাইকার।
এদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অ্যান্ডোরাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। র্যাঙ্কিংয়ের ১৫৬তম দল হওয়ায় স্বাভাবিকভাবেই শক্তিমত্তায় অনেক পিছিয়ে অ্যান্ডোরা। তাই শুরু থেকে তাদের নিয়ে গোল উৎসব করেছে ইংলিশরা। একটি করে গোল করেন চিলওয়েল, সাকা, আব্রাহাম, ওয়ার্ড পাউসে ও গ্রিলিশ। এই জয়ে মূল পর্বের আরও কাছে পৌঁছে গেছে সাউথগেটের দল।









