বাহরাইনের সঙ্গে ০-১ গোলে হেরে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর জাতীয় ফুটবল দলের কোচ মারুফুল হক বলেছেন, দেশের ফুটবলে সামনে কোনও আলোকবর্তিকা নেই বরং আছে ঘোর অামানিশার আশঙ্কা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মারুফ বলেন, 'সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পর এবার বঙ্গবন্ধু গোল্ড কাপের ব্যর্থতা প্রমাণ করেছে অামরা পিছিয়ে যাচ্ছি। দেখতে হবে পাশের দেশগুলো ফুটবলের উন্নয়নে গত দশ বছরে কী কাজ করেছে। আর বাংলাদেশ কী কাজ করেছে, এটা দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে।'
ম্যাচে হার ও টুর্নামেন্ট থেকে বিদায়ের দায়ভার নিজের কাঁধেই নিচ্ছেন মারুফ। কিন্তু সঙ্গে প্রশ্ন উঠেছে দায়-দায়িত্ব কি শুধুই তার একার? মারুফ বলেন, 'আমি হয়তো খেলোয়াড়দের ঠিকভাবে মোটিভেটেড করতে পারিনি, তাদের হয়তো মোটিভেশনের অভাব ছিল। '
কিন্তু যখন খেলোয়াড়দের প্রসঙ্গ উঠলো তখন মারুফ বললেন ভিন্ন কথা। তার মতে, দুটি টুর্নামেন্ট দেখে মনে হয়েছে যে 'ফুটবল ইন্টিলেজেন্স' বলতে যা বোঝায় তার ঘাটতি রয়েছে ফুটবলারদের।
খেলোয়াড়দের 'কমিটমেন্ট' এর অভাব আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মারুফ বলেছেন চমকে ওঠার মতো কথা। তিনি বলেন, 'সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। দলতো লড়েছে শেষ পর্যন্ত। চেষ্টা করেছে সাধ্যমতো। তবে এমন খেলোয়াড়ও আছে যাদের কমিটমেন্টের অভাব রয়েছে, এটিতো আমি নিজের চোখে দেখলাম।'
মারুফের দায়িত্ব ছিল সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। তা বাড়িয়ে চলতি টুর্নামেন্ট পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটিও শেষ হলো আজ। কেমন লাগছে তার। মারুফ বলেন, 'আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনের একটি আজ, জাতীয় দলের সঙ্গে এখন থেকে আমার কোনও যোগসূত্র নেই, আমি এখন ফিরে যেতে চাই ক্লাব কোচিংয়ে।'
/আরএম/এমআর/








