জামাল ভূঁইয়া বিয়ে করেছেন গত বছরের ৬ জানুয়ারি। সেসময় শুধু আকদই সম্পন্ন হয়েছিল। খেলাধুলার ব্যস্ততায় আনুষ্ঠানিকতার কাছ দিয়েও যেতে পারেননি। অবশেষে ২১ মাস পর স্ত্রী তাতিয়ানা আলীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে এনেছেন।
গত সপ্তাহে বিয়ে সংক্রান্ত আনুষ্ঠানিকতা হয়েছে একাধিক। তাও আবার ডেনমার্ক ও জার্মানিতে। অথচ এই ব্যস্ততার মাঝেও নিজের ফিটনেস ধরে রাখতে ভোলেননি বাংলাদেশ অধিনায়ক। নিয়মিতই অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
এমনকি ঢাকায় পা রেখে দলের ক্যাম্পেও যোগ দিতে দেরি করেননি। সেখানে বিয়ে নিয়ে প্রশ্ন করতেই ডেনমার্ক প্রবাসী ফুটবলার হেসে উত্তর দিলেন এভাবে, ‘বিয়ের অনুষ্ঠান ভালো হয়েছে। উপভোগ করেছি শতভাগ। আমার ফিটনেস ভালো আছে। প্রতিদিন রানিং করেছি, জিম করেছি। ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই।’
এ সময় মালের সাফ চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গও চলে আসে তার কাছে। পাশাপাশি শ্রীলঙ্কাতে আসন্ন চার জাতি ফুটবল নিয়েও নিজেদের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি, ‘নেপাল ম্যাচের পর আমরা আলোচনা করেছি। অধিকাংশই কান্নাকাটি করেছে। ফুটবল এরকমই, জয় আসবে হারতে হবে এবং এরপর আমাদেরকে পরের লক্ষ্য নির্ধারণ করতে হবে। মনে করি, আমরা সবচেয়ে শক্তিশালী দল। অবশ্যই মালদ্বীপ আছে সেখানে। মালদ্বীপের লিগ অনেক ভালো। তো শ্রীলঙ্কায় আমাদের সাফল্য পাওয়ার ভালো সুযোগ আছে।’
জাতীয় দলে খেলাটা সবসময় নতুন চ্যালেঞ্জের। জামাল এটা প্রায়ই বলে থাকেন। আসন্ন টুর্নামেন্ট নিয়েও দলের সবার মুখিয়ে থাকার কথা বলেছেন তিনি, ‘সবসময় জাতীয় দলের হয়ে খেলতে পারাটা দারুণ অর্জনের। এটা আমার এবং দলের জন্য নতুন চ্যালেঞ্জ। আমাদের অবশ্যই কিছু করতে হবে। কেননা সবাই চ্যাম্পিয়ন হতে চায়, জিততে চাই। তবে মনে করি, আমার দল আরও ভালো করবে।’









