সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি। অনেক আশা নিয়ে গেলেও নেপালের সঙ্গে ড্র করায় ছিটকে যেতে হয়েছে। মাঝে কিছু দিনের বিরতির পর জামালদের দৃষ্টি এখন শ্রীলঙ্কার চার জাতি ফুটবল প্রতিযোগিতায়। স্বাগতিক ছাড়াও মালদ্বীপ ও সেশেলসের বিপক্ষে লড়াই করে ট্রফি জয়ের লক্ষ্য তাদের।
বুধবার তাই সেশেলসের বিপক্ষে জিতেই কাজটা এগিয়ে রাখতে চাইছে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের প্রেরণার বিষয় হলো র্যাঙ্কিংসহ নানান কারণে পূর্ব আফ্রিকার দেশটির বিপক্ষে তারা এগিয়ে।
ফরোয়ার্ডদের গোলখরা কাটাতে হবে
সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তিন গোলের দুটি করেছিলেন দুই ডিফেন্ডার। ফরোয়ার্ড হিসেবে একমাত্র গোলটি পেয়েছিলেন সুমন রেজা। কলম্বোতে তাই ফরোয়ার্ডদের নতুন পরীক্ষা। সেশেলসের রক্ষণ ভেদ করে বল জালে জড়াতে হবে। রাকিব-সুমন-ইব্রাহিম কিংবা ফাহিমদের সামনে সুযোগ এলে মিস করা চলবে না। প্রতিপক্ষের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও মাঠে নিজেদের প্রমাণ করতে হবে। লক্ষ্যভেদ করতে পারলেই তখন এগিয়ে যাবে এক ধাপ।
খেলার মধ্যে আছে জামালরা
করোনা পরিস্থিতিতে শুরুর কয়েক মাস খেলার বাইরে থাকলেও ফিরতে সময় লাগেনি। ঘরোয়া ফুটবলের খেলা চলেছে। তার সঙ্গে আন্তর্জাতিক ম্যাচও খেলা হয়েছে অনেক। সেক্ষেত্রে সেশেলস এই বছর মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। করোনার কারণে তাদের ফুটবল কার্যক্রম সেভাবে কম হয়েছে। তাই জামাল ভূঁইয়ারা ফিটনেস ও টিম স্পিরিটের দিক দিয়ে এগিয়ে আছে।
পেশাদারিত্বের সঙ্গে সৌখিনতার লড়াই
দুই বছর আগে সেশেলস দল ঢাকায় এসেছিল। তখন তাদের সঙ্গে কথা বলে জানা যায়- শখের বশে সেখানে সবাই ফুটবল খেলে। দলটির সবার আলাদা পেশা আছে। অধিনায়ক নিজে একজন মৎসজীবী ছিলেন! এই অল্প সময়ে তাদের ফুটবলে সেভাবে কোন পরিবর্তনও আসার সম্ভাবনা কম। সেক্ষেত্রে জামাল-তপুরা শতভাগ পেশাদার খেলোয়াড়। পারিশ্রমিকও পেয়ে থাকেন বেশ। তাই ম্যাচের আগে এগিয়ে থাকবেন নিঃসন্দেহে।
কলম্বোর মেঘলা আকাশও বাংলাদেশের অনূকুলে
কলম্বোতে গিয়ে বৃষ্টির কবলে পড়েছে সবাই। ভারি বৃষ্টির কারণে তো প্রথম দিনের খেলা মাঠে গড়ায়নি। আজও বৃষ্টির মধ্যে খেলতে হতে পারে। তেমনটি হলে বাংলাদেশের জন্য তা আশীর্বাদ! বৃষ্টিতে খেলতে অভ্যস্ততা বাংলাদেশের। কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টি ভেজা মাঠে দুর্দান্ত পারফরম্যান্সও দেখা গেছে। এই তো করোনার আগে বিশ্বকাপ বাছাইয়ে বৃষ্টি ভেজা মাঠে কাতারের সঙ্গে লড়াই করেই হেরেছিল জীবন-তপুরা। তাই রেসকোর্স মাঠে ম্যাচটি কঠিন হলেও জয় অসম্ভব কিছু না।









