স্বাধীনতা কাপ ফুটবলে অন্যতম ফেভারিট আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। কাল শুক্রবার বিকাল সোয়া ৫টায় আকাশি-নীল জার্সিধারীদের সেমিফাইনালে ওঠার লড়াই। প্রতিপক্ষ সেনাবাহিনী। মারিও লেমসের দল চাইছে মাঠের পারফরম্যান্স দিয়েই ম্যাচ জিততে।
শক্তির বিচারেও আবাহনী বেশ এগিয়ে। স্থানীয়দের পাশাপাশি রয়েছে উঁচুমানের বিদেশি। দুই ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো ও দোরিয়েন্তন তো আলাদা করে দাপট দেখাচ্ছেন। গ্রুপ পর্বে দুটি করে গোল আছে দু’জনের। এছাড়া কোস্টারিকার কলিনদ্রেসের উপস্থিতি আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে।
এখন সুযোগগুলো ঠিকমতো কাজে লাগাতে পারলে আবাহনীর জন্য সেমিফাইনাল নিশ্চিত করা অনেকটাই সহজ হবে। দলের পর্তুগিজ কোচ মারিও লেমসও সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে ভীষণ আশাবাদী। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ভালো খেলেই সেমিফাইনালে উঠতে চাই। দলের সবার অবস্থা ভালোই আছে। গ্রুপ পর্বে আমরা দুটি ম্যাচ জিতেছি। দুই ব্রাজিলিয়ানও ভালো খেলেছে। আশা করছি, ভালো পারফরম্যান্স দেখিয়েই ম্যাচ জিততে পারবো।’
রহমতগঞ্জের বিপক্ষে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েন্তল। এই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে চাইছেন আগামী ম্যাচেও, ‘আমি চাই সব ম্যাচেই গোল করতে। যেন দল জেতে। সেই লক্ষ্যেই মাঠে নামবো।’
অপর দিকে সেনাবাহিনী ‘সি’ গ্রুপে রানার্সআপ হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে। দলটির টিম স্পিরিটও ছিল দেখার মতো। ৯০ মিনিট একই গতিতে তারা খেলতে পারে। সবচেয়ে বড় ব্যাপার ‘অপেশাদার দল’ হলেও তাদের খেলা নজর কেড়েছে। গ্রুপ পর্বে মোহামেডানেরর মতো দলকেও হারিয়েছে। এককথায় চমকই দেখিয়েছে তারা। তাই আবাহনীর সঙ্গে সেনাবাহিনীর লড়াইটা জমে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না।
দিনের অন্য কোয়ার্টার ফাইনালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রাত ৮টায় সাইফ স্পোর্টিং মুখোমুখি হবে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের। ক্রুসিয়ানির দল কেমন করে, সেটি দেখতেও মুখিয়ে আছেন সবাই।









