জায়ান্ট হয়েও বার্সেলোনার অবস্থা সব দিক দিয়ে বিব্রতকর। চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে গেছে। সামনের আসরেও ইউরোপিয়ান টুর্নামেন্টে জায়গা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছে কাতালানরা! বার্সা কোচ জাভি হার্নান্দেসের কথাতেই মিললো এমন ইঙ্গিত।
চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে এই মৌসুমে অন্তত চতুর্থ স্থানে থাকা লাগবে পয়েন্ট টেবিলে। সর্বশেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে জিতলে সেটিও সম্ভব ছিল। কিন্তু ১-১ গোলে ড্র হওয়ায় ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে শুরু করেছেন জাভি। তাই বলে সুযোগ হাতছাড়া হয়ে যায়নি এখনও। কিন্তু ভাগ্য ফেরাতে ম্যাচ তো জিততে হবে। জাভি তাই বলেছেন, ‘বলতে পারেন পরিস্থিতিটা অম্লমধুর আমার জন্য। হয়তো নিদ্রাহীন রাত কাটবে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে আমাদের জয় প্রয়োজন।’
লা লিগায় উপভোগ্য ম্যাচ উপহার দিয়েছে দুই দল। দুটি গোলই এসেছে কর্নার থেকে। ৩২ মিনিটে পাপু গোমেজের গোলে এগিয়ে যায় সেভিয়া। ৪৫ মিনিটে রোনাল্ড আরোহোর গোলে বার্সাও সমতা ফেরায় পরে।
বিরতির পর সেভিয়া ১০ জনের দলে পরিণত হয়েছিল। কিন্তু প্রায় আধা ঘণ্টা এক জন কম নিয়ে খেললেও বার্সা তাদের পরীক্ষায় ফেলতে পারেনি।
অথচ এই ম্যাচ জিতলে আগস্টের পর প্রথমবার টেবিলের চারে উঠার সুযোগ ছিল বার্সার। কিন্তু পয়েন্ট খুঁইয়ে জাভি আক্ষেপ করেছেন ম্যাচের পর, ‘আমরা দুটি পয়েন্ট খুঁইয়েছি। কিন্তু জেতা উচিত ছিল। যেহেতু পরে একজন বেশি থাকার সুবিধা ছিল।’
সুযোগ হাতছাড়ার পর ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সাতে উঠেছে বার্সেলোনা। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সেভিয়া রয়েছে দুই নম্বর অবস্থানে।









