মাঠের মাঝখানে চার রেফারি মিলে খোশগল্পে মাতলেন। ওদিকে আবাহনী লিমিটেডের খেলোয়াড়রা গা গরম শেষে খেলার অপেক্ষায়। তাদের অপেক্ষা প্রতিপক্ষ উত্তর বারিধারার। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বারিধারা আসেনি। তাই ফেডারেশন কাপের প্রথম ম্যাচের মতো এটিও মাঠে গড়াতে পারেনি।
রেফারি বিটুরাজ বড়ুয়া তিন সঙ্গীকে নিয়ে নিয়মানুযায়ী ১৫ মিনিট অপেক্ষা করে মাঠ ছেড়েছেন। দেশের ঘরোয়া ফুটবলে একই দিনে দুটি ম্যাচে প্রতিপক্ষের মাঠে না আসাটা বিরল।
ফেডারেশন কাপ শুরু হওয়া কথা ছিল আজ (শনিবার)। বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে মৌসুমের দ্বিতীয় প্রতিযোগিতা শুরুর আমেজে অবশ্য আগের দিনই ধাক্কা লাগে। বসুন্ধরা জানিয়ে দেয়, তারা কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামের টার্ফের মাঠে খেলবে না। একই কারণে প্রতিযোগিতায় না খেলার কথা জানায় বারিধারাও।
আবাহনীর বিপক্ষে ম্যাচে মাঠে না থাকার কারণ ব্যাখ্যায় উত্তর বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে শুনিয়েছেন একই কথা, ‘আমরা আগেই চিঠি দিয়েছি, এই টার্ফের মাঠে খেলবো না। আজও (শনিবার) বাফুফেতে দুপুরে চিঠি দিয়ে তাই বলেছি। কেননা এই মাঠে খেলে আমাদের দুজন খেলোয়াড় চোটে পড়েছে। তাই আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। সেই কারণে মাঠে আসা হয়নি।’
ম্যাচের ভাগ্য এখন বাফুফের ডিসিপ্লিনারির কোর্টে। এর আগে বসুন্ধরা মাঠে না আসায় স্বাধীনতার বিপক্ষে তাদের ম্যাচের ভাগ্যও ঠিক করবে ডিসিপ্লিনারি কমিটি।









