ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো না থাকায় দানিয়েল কলিনদ্রেসের ওপর চাপটা একটু বেশি ছিল। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার এই ফরোয়ার্ড ফাইনালে আবারও জ্বলে উঠেছেন। আবারও চিনিয়েছেন নিজের জাত। ফেডারেশন কাপে আবাহনী ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়ে ১২তম ট্রফি জিতেছে। দুই গোলের একটি এসেছে ৩৬ বছর বয়সী তারকার পা থেকে। চ্যাম্পিয়ন হয়ে ম্যাচ শেষে তাই সমর্থকদের উদ্দেশে এই তারকা বাংলায় বলেছেন, ‘শাবাশ..শাবাশ’।
নিজের মা অসুস্থ থাকায় কলিনদ্রেসের মন বিষন্ন ছিল। তাই পুরো দল ফাইনাল খেলেছে কোস্টারিকার ফুটবলারের দিকে তাকিয়ে।
এই মৌসুমে আবাহনীতে যোগ দিয়েই সাফল্য পাচ্ছেন কলিনদ্রেস। জিতলেন ‘ডাবল’। কলিনদ্রেস অবশ্য নিজের মায়ের অসুস্থতা নিয়ে কিছু বলতে চাননি। শুধু বলেছেন, ‘আমি সুযোগ পেয়েছি এবং সেটা কাজে লাগিয়েছি। মাকে নিয়ে কিছু বলতে চাই না। আবাহনীতে এবং বাংলাদেশে আমার ভালো সময় কাটছে। শাবাশ, শাবাশ (আবাহনী সমর্থকদের উদ্দেশে বলব) ।’
ফাইনালে জয়ের অন্যতম নায়ক কলিনদ্রেস। ফেডারেশন কাপে ম্যাচ সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছেন এই তারকা।
দলের পর্তুগিজ কোচ মারিও লেমসও বললেন, ‘কলিনদ্রেস টুর্নামেন্টেই ভালো খেলেছে। দলকে জেতাতে ওর ভূমিকা অনেক।’









