ম্যাচ পাতানোসহ অনৈতিক কাজে আগেই বড়রকম শাস্তি পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকেও কঠিন শাস্তির খড়গ নেমে এলো। ফিফার ডিসিপ্লিনারি কমিটি বৃহস্পতিবার এক সভায় ২০২০-২০২১ মৌসুমে বাজি, স্পট ফিক্সিংসহ অন্যান্য অভিযোগে ক্লাবটির সাবেক খেলোয়াড় ও কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এর মধ্যে আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, ফিটনেস ট্রেইনার ভারতীয় নাগরিক মাইদুল ইসলাম শেখ ও অ্যাসিস্ট্যান্ট টিম ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ হতে বিশ্বব্যাপী ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। সাবেক ফিজিও ভারতীয় নাগরিক সঞ্জয় বোস ও সাবেক গেম এনালিস্ট আজিজুল শেখও নিষিদ্ধ হয়েছেন ১০ বছর।
এছাড়া খেলোয়াড়দের মধ্যে আপেল মাহমুদ, আবুল কাশেম মিলন, আল আমিন, মোহাম্মদ রকি, জাহিদ হোসেন, কাজী রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ফাহাদ ও মিরাজ মোল্লাকে ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কার্যকলাপ থেকে এক বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি নাইজেরিয়ান খেলোয়াড় চিজোবা ক্রিস্টোফার দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। সাবেক খেলোয়াড় শামীম রেজা ও অস্ট্রেলিয়ান ডিফেন্ডার স্মিথ ক্রিস্টিয়ানও তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।









