আগের চেয়ে শক্তিশালী দল গড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। স্থানীয়দের পাশাপাশি উঁচুমানের বিদেশি নিয়ে এবারের মৌসুমে লড়াইয়ে নেমেছে তারা। কিন্তু দুটি টুর্নামেন্টের পর প্রিমিয়ার লিগেও শেখ রাসেলের অবস্থা আহামরি নয়। শক্তিশালী দল গড়েও লিগে নেই জয়ের দেখা। মোহামেডানের পর আজ (বুধবার) চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হোঁচট খেয়েছে। এগিয়ে থেকেও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে সাইফুল বারী টিটুর দল।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শেখ রাসেল ২০ মিনিটে মোহাম্মদ জুয়েলের লক্ষ্যভেদে লিড নেয়। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি সাদ-নাসিরুদ্দিনরা। ৩৩তম মিনিটে সমতা ফেরান নাইজেরিয়ান মিডফিল্ডার পিটার থ্যাঙ্কগড। দ্বিতীয়ার্ধেও কোনও দল গোল করতে পারেনি। ১-১ স্কোরলাইন দিয়েই ম্যাচ শেষে হয়েছে।
ড্র করায় দুই দল পেয়েছে ১ পয়েন্ট করে। তাতে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে দুই ম্যাচেই ড্র করা রাসেল ২ পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে।









