প্রথমবার আফ্রিকান নেশন্স কাপ জয়ের পর র্যাঙ্কিংয়েও নিজেদের ইতিহাসে সেরা অবস্থানে জায়গা করে নিয়েছে সেনেগাল। উঠে গেছে ১৮তম স্থানে। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের ১৮৬তম স্থানেই রয়েছে। মিশরকে কাঁদিয়ে প্রথম শিরোপা জেতা সেনেগালের আগের অবস্থান ছিল ২০।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে উন্নতি হয়েছে আর্জেন্টিনারও। এক ধাপ এগিয়ে স্ক্যালোনির দল জায়গা করে নিয়েছে চারে। দুই ম্যাচে দলটি হারিয়েছে চিলি ও কলম্বিয়াকে। তাতে শীর্ষ পাঁচে ঘটেছে পরিবর্তন। একধাপ নিচে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড। যথারীতি ১ নম্বরেই আছে বেলজিয়াম। দুইয়ে আগের অবস্থানে ব্রাজিল, ফ্রান্সও রয়ে গেছে তিনে।
সেনগাল ছাড়া আফ্রিকান দেশের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক অর্জন করেছে ক্যামেরুন। ১২ ধাপ এগিয়ে তারা অবস্থান করছে ৩৮তম স্থানে। আফ্রিকান নেশন্স কাপে তারা তৃতীয় স্থান অর্জন করেছিল। রানার্স আপ হওয়ায় মিশর ১১ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে জায়গা করে নিয়েছে।
র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় ঝাঁপটা দিয়েছে গাম্বিয়া। প্রথমবার আফ্রিকান নেশন কাপে খেলতে নেমে জন্ম দিয়েছে রূপকথার। যাদের সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। অথচ র্যাঙ্কিংয়ে সবার পেছনে থেকেই তারা খেলতে নেমেছিল। এখন ২৫ ধাপ এগিয়ে গাম্বিয়া উঠে গেছে ১২৫তম স্থানে।









