কিছুটা হলেও স্বস্তি ফিরেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) শিবিরে। দীর্ঘ দিন চোটের বাইরে থাকা নেইমার অনুশীলনে ফিরেছেন। তবে পিএসজি কোচ মউরিসিও পচেত্তিনো বলেছেন, অনুশীলনে ফিরলেও শুক্রবার লিগ ওয়ানে রেনের বিপক্ষে মাঠে নামা হবে না তার। কারণ পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। পচেত্তিনো তাই সংবাদমাধ্যমে বলেছেন, ‘রেনের বিপক্ষে তাকে দলে রাখা হবে না।’
গত নভেম্বরে বাজেভাবে গোড়ালি মচকে যায় নেইমারের। অবস্থা এমন ছিল যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল। সেই থেকে ব্রাজিলীয় ফরোয়ার্ড মাঠের বাইরে ছিলেন। খেলা হয়নি বিশ্বকাপ বাছাইয়েও। নেইমারের অনুশীলনে ফেরার খবর তখনই এলো, যার চারদিন পর চ্যাম্পিয়নস লিগে (শেষ ষোলোর লড়াইয়ে) তাদের রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার কথা।
পচেত্তিনো বলেছেন, বৃহস্পতিবার আপাতত ১৫ মিনিটের ছোট্ট সেশনে অনুশীলন করেছেন নেইমার। যেখানে ব্রাজিলীয় তারকাকে দেখে তার বেশ ভালো মনে হয়েছে, ‘ওর খুব ভালো উন্নতি হয়েছে।’
২০১৭ সালে যোগ দেওয়ার পর এই চোট ভীষণ ভুগিয়েছে নেইমারকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলায় ৮ ম্যাচের ৫টি মিস করেছেন বিভিন্ন চোটের কারণে। যার মাঝে গত মৌসুমের বার্সেলোনা ম্যাচটিও ছিল। বর্তমান অবস্থায় দ্রুতই নেইমারকে খেলতে দেখা যাবে, এখনই তা বলা যাচ্ছে না। যেহেতু নেইমার পুরোপুরি ফিট নন।









