দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিল বসুন্ধরা কিংস অ্যারেনা। এমন উপলক্ষে বাড়তি আয়োজন থাকারই কথা। হয়েছেও তাই। মাঠের মাঝে ছোট গাড়ীতে করে এলো ফুটবল। সেখান থেকে বল তুলে নিয়ে রেফারিরা ম্যাচের টস করলেন। এমন দৃশ্যের অবতারণার পর ভেন্যুর অভিষেক ম্যাচটিও স্মরণীয় করে রাখলো স্বাগতিক বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়োর জোড়ায় ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ এফসিকে। তৃতীয় গোলটি এসেছে এলিটা কিংসলের পা থেকে।
তিন গোলের পেছনে অবদান ছিল প্রবাসী ফুটবলার মাহাদী হাসান খানের। যদিও ম্যাচের শুরু থেকে পুলিশ এফসি প্রত্যাশিত লড়াইটা উপহার দেওয়ার চেষ্টা করে গেছে।
ম্যাচ ঘড়ির ১২ মিনিটেই তৈরি হয় উত্তেজনা। পুলিশের আমিরউদ্দিন শরিফিকে বক্সের ভেতরে ফেলে দিয়েছিলেন বসুন্ধরা ডিফেন্ডার তারিক কাজী। তার পরেও পেনাল্টির বাঁশি দেননি রেফারি। শরিফি তাকে ঘিরে ধরে প্রতিবাদ জানালেও রেফারি নিজের সিদ্ধান্তে ছিলেন অনড়।
বিপরীতে বসুন্ধরা আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও এই অর্ধে গোল পায়নি কোনও। তিনটি গোলই আসে বিরতির পর। তার আগে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট হয়েছে ৪০ মিনিটে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে রবিনিয়ো জায়গা করে নিয়ে ডান পায়ের জোরালো শট নিলেও তা ক্রস বারে লেগে ফিরে আসে।
বিরতির পর মাঠে নামেন মাহাদি ও কিংসলে। তাতেই দৃশ্যপট পাল্টায় ম্যাচের। গোল আসতে থাকে একের পর এক। বসুন্ধরা প্রথম ডেডলক ভাঙে ৬৬ মিনিটে। মাহাদি হাসান খান ডান প্রান্ত থেকে দুই ডিফেন্ডারকে পার হয়ে রবিনিয়োকে পাস দিয়েছিলেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বক্সের ভেতরে অনেকটা ফাঁকায় দূরূহ কোণ থেকে কাঁপিয়ে দেন জাল।
বসুন্ধরার ব্যবধান দ্বিগুণ হয় ১০ মিনিটেই। মাহাদি হাসান খানকে হালকা টাচে ফেলে দিয়েছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দেনিলো কুইপা। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে রবিনিয়ো স্পট কিক থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেছেন।
শেষ দিকে আবারও দেখা দেয় উত্তেজনা। ৮১ মিনিটে টেন্টে থাকা অবস্থায় পুলিশের ইসানুরকে দুই হলুদ কার্ডে দেখানো হয় লাল কার্ড। মার্চিং অর্ডার পেয়ে টেন্ট ছাড়তে বাধ্য হন এই ডিফেন্ডার।
৮৫ মিনিটে এলিটা কিংসলের জোরালো শট গোলকিপার নেহাল তালুবন্দী করলেও দুই মিনিট পর ঠিকই স্কোর ৩-০ হয় বসুন্ধরার। মাহাদি হাসান খানের পাসে বক্সে ঢুকে বাঁ পায়ে প্লেসিং করে জাল কাঁপিয়েছেন কিংসলে।তাতেই বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে পুলিশ এফসি আগের ২ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।









