বার্সেলোনার হয়ে গতকালই ‘প্রথম’ মূল একাদশে খেলতে নেমেছিলেন পিয়েরে এমেরিক অবামেয়াং। সেখানে দেখিয়েছেন, ফ্রি ট্রান্সফারে যোগ দিলেও কতটা কার্যকরী হতে পারেন দলের। বার্সা ক্যারিয়ারের প্রথম গোলতো পেয়েছেনই। পাশাপাশি তার প্রথম হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। লা লিগায় যে পারফরম্যান্স প্রশংসায় ভাসাচ্ছে তাকে।
অবশ্য গ্যাবনিজ তারকা যে হ্যাটট্রিক করেছেন, তা বোঝা যায়নি শুরুতে। প্রথমে মনে হয়েছিল ৬৩ মিনিটে হওয়া চতুর্থ স্কোরটির গোলদাতা ছিলেন বদলি খেলোয়াড় প্রেদ্রি। কিন্তু পিঠে লেগে জালে জড়ানোয় রেফারির সিদ্ধান্তে পরে গোলদাতা হয়ে যান সাবেক আর্সেনাল তারকা অবামেয়াং।
সতীর্থের অসাধারণ পারফরম্যান্সের পর বার্সা মিডফিল্ডার সের্হিয়ো বুসকেৎজ তাই বলেছেন, ‘আমি আশা করবো ও যেন ভবিষ্যতেও এভাবে ভূমিকা রাখে। এবং দলে ফ্রি ট্রান্সফারে তার মতো একজনকে পাওয়া মানে উপহার।’
অবামেয়াং খুব বেশি দিন হয়নি আর্সেনাল থেকে বার্সায় যোগ দিয়েছেন। ২ ফেব্রুয়ারি যোগ দেওয়ার পর গতকাল শুরুর একাদশে সুযোগ পেয়েছেন। তবে এই সময়ে কঠোর প্ররিশ্রম করেছেন বলে জানিয়েছেন বুশকেৎজ, ‘ও অনেক পরিশ্রম করেছে। আমরা জানি ও (অবামেয়াং) এই মৌসুমে খুব বেশিক্ষণ মাঠে থাকার সুযোগ পায়নি। তবে সেটা এখন মিলছে।’
অবামেয়াংয়ের হ্যাটট্রিকের দিনে বার্সাও উঠে গেছে সেরা চারে। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪২। আরেকটি গোল করেছেন ডি ইয়ং।









