শ্রীলঙ্কার ডিফেন্ডার ডাকসন পুসলাসের অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছেন না সতীর্থরা। তার অকাল প্রয়াণে সবার মন শোকাভিভূত। ৩১ বছর বয়সী ফুটবলারের মৃত্যুতে কাঁদছে বাংলাদেশের স্ট্রাইকার সুমন রেজার মনও।
এই তো গত বছরের সাফ ও চার জাতি ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার ডিফেন্ডারের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের স্ট্রাইকার সুমন রেজা। তখনই মাঠে ও মাঠের বাইরে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই পুসলাসের ‘আত্মহত্যার’ খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে শোক প্রকাশ করতে ভুলে যাননি সুমন।
বাংলা ট্রিবিউনকে বসুন্ধরা কিংসের স্ট্রাইকার বলেছেন, ‘পুসলাসের হঠাৎ এমন মৃত্যুর খবর শুনে আমি হতবাক। চিন্তাও করতে পারছি না এ কীভাবে সম্ভব। দুটি টুর্নামেন্টে আমরা এক সঙ্গে খেলেছি। শ্রীলঙ্কাতে খেলতে গিয়ে একই হোটেলে ছিলাম। মাঠে ও মাঠের বাইরে অনেক গল্পও হয়েছিল। ও ভালো মনের মানুষ ছিল। ডিফেন্ডার হিসেবেও কঠিন ছিল। ওপারে ভালো থাকুক, সেটাই প্রার্থনা।’
২০১৮ ও ২০২১ সালের সাফ ও চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার রক্ষণভাগ সামলানোর দায়িত্বে ছিলেন ডাকসন পুসলাস। মালেতে গত বছরের সাফে লাল কার্ডও দেখেছিলেন। সেই ফুটবলারকে শনিবার রাতে মালদ্বীপের রাজধানী মালের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে।
মালের পত্রিকা সূত্রে জানা গেছে, পুলিশ ফ্ল্যাটে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুসলাস আত্মহত্যা করেছেন। মালেতে প্রিমিয়ার লিগে ভ্যালেন্সিয়া ক্লাবে খেলছিলেন এই ডিফেন্ডার। এর আগে খেলেছেন টিসি স্পোর্টসে। এছাড়া শ্রীলঙ্কা জাতীয় দলের হয়েও খেলেছেন ১৪ টি ম্যাচ।









