টানা ২০ ম্যাচ কোনও গোল করতে পারেননি জুভেন্টাসের তারকা স্ট্রাইকার আলভেরো মোরাতা। অবশেষে বড় ম্যাচকেই নিজেকে নিজে ফিরে পাওয়ার মঞ্চে পরিণত করেছেন। বলা যায় বুধবার তার জোড়া গোলে ইতালিয়ান কাপের ফাইনালের টিকিট কেটে ফেলেছে জুভেন্টাস। ফিরতি লেগে অালৌকিক হলে অবশ্য ভিন্ন কথা!
ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে মোরাতার নৈপূণ্যে ইন্টারন্যাসিওনালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে কার্যত এক পা দিয়ে রেখেছে জুভেন্টাস।
জুভেন্টাসের হয়ে সর্বশেষ গত অক্টোবরে গোল করা মোরাতা খেলার ৩৬তম মিনিটে পেনাল্টি গোল থেকে দলকে এগিয়ে নেন। বিরতির পর জুভেন্টাসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে আচমকা শটে গোল করেন এই স্প্যানিশ তারকা। ফলে ২-০ গোলের জয় দিয়ে ফাইনালের কাছাকাছি চলে যায় ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে গোল করেন নতুন আর্জেন্টাইন সেনসেশন পাওলো দিবালা। ফলে ৩-০ গোলের বড় জয় দিয়ে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যায় জুভদের।
/এমআর/








