জাতীয় ফুটবল দলের কোচ হয়েছেন স্প্যানিশ হাভিয়ের কাবরেরা। তার সহকারী কোচ ছিলেন মাসুদ পারভেজ কায়সার। এবার কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন আরও একজন। ২০০৩ সাফ জয়ী সদস্য হাসান আল মামুনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
আগামী ২৪ ও ২৯ মার্চ দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি মালদ্বীপ ও পরেরটি মঙ্গোলিয়ার বিপক্ষে। জামাল ভূঁইয়াদের রিপোর্টিং ১৮ মার্চ। পর দিন থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে কাবরেরার দল। ২২ মার্চ পর্যন্ত অনুশীলন করে পর দিন রওয়ানা হবে মালদ্বীপের উদ্দেশে। সেখানে ২৫ মার্চ ম্যাচ খেলে ২৬ তারিখ যাবে সিলেটে। সেখানে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ হবে ২৯ মার্চ।
জাতীয় টিমস কমিটির সভা শেষে বুধবার কাজী নাবিল আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমাদের অনুশীলন হবে বসুন্ধরা কিংসের মাঠে। ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত। আশা করছি, দলের প্রস্তুতি ভালো হবে, ফলও ভালো হবে।’
এই দলের ম্যানেজার হয়েছেন সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হাসান আল মামুন ও মাসুদ পারভেজ কায়সার।
প্রথমবারের মতো জাতীয় দলের সহকারী কোচ হয়ে হাসান আল মামুন ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘খুব ভালো লাগছে। স্বপ্ন ছিল জাতীয় দলের সঙ্গে কাজ করার। সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আশা করি, জাতীয় দলে ভালো অবদান রাখতে পারবো।’
হাসান আল মামুনের এর আগে ঘরোয়া ফুটবলেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে। গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। সাবেক ডিফেন্ডার এর আগে চট্টগ্রাম আবাহনীর কোচিং প্যানেলেও ছিলেন।









